দুবাই: তাঁর আগুনে পেসে ভর করেই বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাত্র দু’দিনেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। দু’ইনিংস মিলিয়ে মিচেল স্টার্কের সংগ্রহ ১০ উইকেট। সেই সুবাদে দীর্ঘ কেরিয়ারে প্রথমবারের জন্য টেস্ট র্যাংকিংয়ে শীর্ষেস্থানে উঠে এলেন এই অজি তারকা। পিছনে ফেললেন ভারতের যশপ্রীত বুমরাহকে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে স্টার্কের ঝুলিতে ওঠে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে তাঁর সংগ্রহ আরও চারটি। তার ফলেই তৃতীয় স্থান থেকে এক লাফে র্যাংকিং শীর্ষে উঠে আসেন ৩৬ বছর বয়সি বাঁ হাতি পেসার। তাঁর রেটিং পয়েন্ট ৮৭২। আর দ্বিতীয় স্থানে থাকা বুমরাহ পিছিয়ে পড়েছেন ১০ পয়েন্টে (৮৬২)। উল্লেখ্য, ২০২৪-এর ফেব্রুয়ারিতে প্রথমবার বিশ্বের এক নম্বর বোলার হয়েছিলেন বুমরাহ। সবমিলিয়ে ৬৯৭ দিন মসনদে ছিলেন তিনি। মাঝের একটা পর্বে স্থানচ্যুত হলেও দু’মাস আগেই বোলারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছিলেন বুমবুম। তবে চোটের কারণে চলতি শ্রীলঙ্কা সিরিজে খেলতে না পারায় তাঁকে এক নম্বর আসন খোয়াতে হল। ব্যাটিংয়ে ইংল্যান্ডের হ্যারি ব্রুক শীর্ষস্থান ধরে রেখেছেন। জো রুট আছেন দু’নম্বরে। স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে। ভারতীয়দের মধ্যে উল্লেখযোগ্য উত্তরণ ঋষভ পন্থের। ছয় ধাপ এগিয়ে সাত নম্বরে তিনি। তাঁর ঠিক পিছনেই শুভমান গিল। মার্নাস লাবুশানের সঙ্গে যুগ্মভাবে সাতে রয়েছেন ভারতীয় ক্যাপ্টেন।



