বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: গুলিতে ঝাঁঝরা শরীর। উধাও আগ্নেয়াস্ত্র। কিস্তওয়ারের পাহাড়ি পথে নিখোঁজ দুই স্পেশাল পুলিশ অফিসারের (এসপিও) নিথর দেহ উদ্ধার হল বৃহস্পতিবার। মারওয়া সেক্টরের ধারনা সেনা পোস্টে মঙ্গলবার ডিউটিতে যোগ দিতে যাওয়ার পথে নিখোঁজ হয়েছিলেন তাঁরা। আধিকারিকদের সন্দেহ, দুই এসপিও জঙ্গি হামলার শিকার। তাঁদের সার্ভিস ওয়েপন উধাও হওয়ার কারণেই সেই সন্দেহ জোরদার হচ্ছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দু’জনকে তুলে নিয়ে গিয়েছিল জঙ্গিরা। ঘটনাচক্রে, একদিন আগেই কুলগাঁওয়ে সিআরপিএফের চেকপয়েন্টে জঙ্গি হামলা হয়েছে। জখম তিন জওয়ান। তাঁদের মধ্যে একজন বাঙালি। পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিন্দুর’-এর পর কুলগাঁওয়ের ঘটনাই জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড়ো সন্ত্রাসবাদী নাশকতা। তার মধ্যেই এদিন কিস্তওয়ারে দুই নিখোঁজ এসপিও-র বুলেট-বিদ্ধ দেহ উদ্ধারের ঘটনা উপত্যকায় ফের জঙ্গি উপদ্রবের আশঙ্কা তৈরি করছে। পাশাপাশি, বারামুলায় দু’টি হ্যান্ড গ্রেনেড সহ এক সন্দেহভাজন আটক হওয়ায় চিন্তা বাড়ছে নিরাপত্তা বাহিনীর। পুলিশ জানিয়েছে, বাদেরকোট জঙ্গল থেকে ধরা পড়া ওই ব্যক্তির নাম গুলাম জিলানি রেশি। তার উদ্দেশ্য কী ছিল, কোথা থেকে হ্যান্ড গ্রেনেড এল, এসব নিয়ে চলছে তদন্ত।
এদিন যে দুই এসপিও-র দেহ উদ্ধার হয়েছে তাঁরা হলেন কিস্তওয়ারের দাছানের কিয়ার এলাকার বাসিন্দারাসপাল কুমার (৪৫) ও ববি চাঁদ (৫৭)। দুই এসপিও স্পেশাল অপারেশন গ্রুপে (এসওপি) কর্মরত ছিলেন। তাঁদের রোটেশন ডিউটিতে পোস্টিং দেওয়া হয়েছিল ধারনা সেনা পোস্টে। নিজেদের ক্যাম্প থেকে সেনা পোস্টে যাওয়ার পথেই নিখোঁজ হয়েছিলন তাঁরা। সময়ের বহু পরও সেনা পোস্টে রিপোর্ট না করায় দুই এসপিও-র সন্ধানে গতকালই দাছান জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে সিআরপিএফ, সেনা ও পুলিশ। এদিন তাঁদের দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, প্রাথমিকভাবে দুই এসপিও-র মোবাইল ফোন সচল থাকলেও পরে সুইচ-অফ হয়ে যায়।
কুলগাঁওয়ের সিআরপিএফ চেকপয়েন্টে বুধবারের হামলার পর থেকেই হামলাকারী জঙ্গিদের সন্ধানে চলছে ব্যাপক তল্লাশি অভিযান। নিরাপত্তা সংস্থাগুলির সন্দেহ, এই হামলার নেপথ্যে রয়েছে লস্কর-ই-তৈবার জঙ্গি মহম্মদ লতিফ ভাট ওরফে লতিফ ভাট। সে কাশ্মীর উপত্যকার মোস্ট ওয়ান্টেড জঙ্গি। তদন্তকারী সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন। সেখানে সিআরপিএফ জওয়ানদের কভার নিতে দেখা গিয়েছে। ১৫ সেকেন্ডে ৩০টি গুলি চলে। পালটা বাহিনীর জবাবে লতিফ পালিয়ে গিয়ে নিকটবর্তী কোথাও গা ঢাকা দেয়।



