নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ১৬ নম্বর জাতীয় সড়কের অ্যাপ্রোচ ব্রিজে মেরামতির কাজ চলছে। এই সময়ে ভারী যানবাহন চলাচলের বিকল্প পথ তৈরি করতে বালিঘাট স্টেশনের নীচের রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কাজে বাধা হয়ে দাঁড়ানো রেলের জমিতে থাকা প্রায় ২০ থেকে ২৫টি বাড়ি ও দোকানঘর বুধবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল। বুধবার সকালে রেল ও পূর্ত দপ্তরের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান চলে।
প্রশাসন সূত্রে খবর, ১৬ নম্বর জাতীয় সড়কের অ্যাপ্রোচ ব্রিজের অবস্থা অত্যন্ত বেহাল। বর্তমানে সেখানে মেরামতির কাজ চলছে। ফলে জাতীয় সড়কে বাস, লরি সহ ভারী যানবাহন চলাচলের জন্য বিকল্প রাস্তার প্রয়োজন। সেই কারণে বালিঘাট স্টেশনের নীচে থাকা রাস্তাটি ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে। ওই রাস্তা দিয়েই আপাতত ভারী যানবাহন জাতীয় সড়কে উঠবে। তার জন্য রাস্তার পরিসর বাড়ানো জরুরি। অথচ রাস্তার পাশে রেলের জমি দখল করে বেআইনিভাবে গড়ে উঠেছিল একাধিক বাড়ি ও অস্থায়ী দোকান। আগেভাগেই সেগুলি সরিয়ে নেওয়ার জন্য বাসিন্দা ও দোকানদারদের নোটিশ দেওয়া হয়েছিল। সেইমতো এদিন বুলডোজার চালিয়ে নির্মাণগুলি গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ হওয়া বাসিন্দা ও দোকানদারদের কথায়, রাস্তা তৈরিতে তাঁদের কোনও আপত্তি নেই। তবে অন্যত্র থাকার এবং ব্যবসা করার ব্যবস্থা করে দিলে তাঁরা উপকৃত হবেন। তাই বিকল্প বাসস্থান ও জীবিকার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা। নিজস্ব চিত্র



