হাওড়ায় রেলের জমিতে বুলডোজার, পুনর্বাসনের দাবিতে আন্দোলনের হুমকি
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নিজেদের জমি জবরদখলমুক্ত করতে ফের বুলডোজার চালাল রেল প্রশাসন। শনিবার হাওড়ার বাকসাড়া জানা গেট এলাকায় একাধিক অবৈধ দোকান ও বাড়ি ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে ওই ঘরবাড়ি ও দোকান গড়ে উঠেছিল বলে রেলের দাবি। এই উচ্ছেদকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ছিল আরপিএফও।

Advertisement

রেল সূত্রে খবর, উচ্ছেদের আগে সংশ্লিষ্ট দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল। তারপরেও জমি খালি না করায় এদিন বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ সরিয়ে দেওয়া হয়। তবে এই অভিযান ঘিরে ক্ষোভে ফেটে পড়েন বহু বাসিন্দা। দীর্ঘদিনের বসতবাড়ি ও দোকান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। বাসিন্দাদের একাংশের দাবি, আন্ডারপাস নির্মাণের জন্য উচ্ছেদ করা হলেও তাঁদের পুনর্বাসনের কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা করা হয়নি। স্থানীয় বাসিন্দা মিন্টু মণ্ডলের অভিযোগ, ৫০ থেকে ৭০ বছর ধরে তাঁরা ওই এলাকায় বসবাস করছেন। জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে তাঁদের কাছে। বিষয়টি নিয়ে রেলের আদালতে মামলা চলছে। গত ২৯ অক্টোবর খড়্গপুর থেকে এস্টেট অফিসার এসে জমি পরিদর্শন ও সার্ভে করলেও পরবর্তী পদক্ষেপ করা হয়নি বলে দাবি তাঁর। এমনকী, যেসব বাড়িতে এখনও উচ্ছেদের নোটিশ পৌঁছয়নি, সেগুলিও দুই দিনের মধ্যে খালি করার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বাসিন্দারা ১৯৭৮ সালের পুনর্বাসন সংক্রান্ত সরকারি নথিও সামনে এনেছেন। তাঁদের বক্তব্য, জনস্বার্থে আন্ডারপাস নির্মাণে আপত্তি নেই। তবে আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন নিশ্চিত করতে হবে। তা না হলে মহিলাদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।  নিজস্ব চিত্র