নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকে তপ্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির চত্বর। পুরসভা ও পুলিশের যৌথ অভিযানে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অভিষেকের বাড়ির সামনের গেট, ফুটপাতের ধারে থাকা রেলিং। ভেঙে ফেলা হয়েছে শহিদ বেদি। রাস্তার উপর ‘নো পার্কিং’ স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে অভিষেকের প্রতিক্রিয়া, ‘ওরা বুলডোজার রাজনীতি চালিয়ে যাক, আমার কাঁচকলা যায়-আসে! হাজার হাজার বুলডোজার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না। কেন্দ্র ও রাজ্য সরকার যা পারে করুক আমি অন্যায়ের কাছে, বেইমান বহিরাগত বাংলা বিরোধীদের কাছে মাথা নত করব না, এক ইঞ্চিও পিছু হটব না।’
রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ পালটা বলেন, ‘ফুটপাত দখল করা যাবে না। এই নিয়ম শুধু ভাইপো নয়, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কলকাতায় রাস্তা কম, গাড়ির সংখ্যা বেশি, তাই সাধারণ মানুষের হাঁটাচলা করতে ফুটপাত মুক্ত হওয়া প্রয়োজন। সেই অভিযান উপর মহল থেকে শুরু হয়েছে।’
গত সপ্তাহের শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত উত্তপ্ত হয়েছিল অভিষেকের বাড়ি সংলগ্ন এলাকা। অভিষেকের জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ বেধেছিল। সেই ঘটনার রেশ কাটার আগেই চলতি সপ্তাহের বুধবার রাত থেকে ফের সরগরম কালীঘাট চত্ত্বর। যখন ‘জেড প্লাস’ ক্যাটিগরির নিরাপত্তা নেই, তখন বাড়ির সামনে পুলিশকর্মীদের বসার জন্য অস্থায়ী কাঠামোর প্রয়োজন নেই বলে মনে করেন অভিষেক। বুধবার রাতে অভিষেকের তরফে ওই অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়। আর বৃহস্পতিবার সকালে দেখা গেল, পুলিশ ও পুরসভার বিরাট টিম হাজির অভিষেকের বাড়ির সামনে। মোতায়েত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। অভিষেকের বাড়ির সামনে ফুটপাতের উপর থাকা পেল্লায় গেট গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হয়। পুলিশের অস্থায়ী কিয়স্ক ভেঙে ফেলা হয়। সবটাই হয়েছে বুলডোজার চালিয়ে।
গত কয়েকদিনের ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে অভিষেকের তরফে আইনজীবী অর্ক নাগ চিঠি পাঠিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। চিঠিতে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিষেক। হামলার আশঙ্কাও করছেন তিনি। এই অবস্থায় কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন। পাশাপাশি তাঁর বাড়ি ও অফিসে দলের নথি এবং হলফনামা সংক্রান্ত যে বিপুল প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, তা চুরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক।
এদিকে, এদিন অভিষেকের ‘জেড প্লাস’ ক্যাটিগরি নিরাপত্তা প্রত্যাহার নিয়ে রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। রাজ্যের উদ্দেশে বিচারপতির প্রশ্ন ছিল, ছমাস ধরে অভিষেকের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে কোনো পর্যালোচনা বৈঠক করা হল না কেন?
রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য বলেন, অভিষেক সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য রেখেছিলেন তাতে উল্লেখ ছিল, কয়েকজন বিচারপতি বিজেপির কাছে তাঁদের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছেন। এই বক্তব্য শোনার পর অভিষেকের আইনজীবী শোয়েব আলমকে বিচারপতির প্রশ্ন, আপনার মক্কেলকে জিজ্ঞাসা করে লিস্ট দিতে বলুন, কোন বিচারপতিরা বিজেপির সমর্থক আর কারা তৃণমূলের সমর্থক।
পাশাপাশি রাজ্যের তরফে জানানো হয়, জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা বজায় রাখতে প্রতিমাসে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ হয়। চলতি নভেম্বরের শেষের দিকে অভিষেকের নিরাপত্তা নিয়ে পরবর্তী মূল্যায়ন হওয়ার কথা রয়েছে। যদিও অভিষেকের আইনজীবী উল্লেখ করেন, তাঁর মক্কেলের উপর একাধিক হামলা হয়েছে। সব পক্ষের সওয়াল-জবাব শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি।



