Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

শালিমারে বুলডোজার অভিযান, পোর্ট ট্রাস্টের জমি থেকে সরল বেআইনি দোকান

শালিমারের কয়লা ডিপো এলাকায় পোর্ট ট্রাস্টের জমিতে দীর্ঘদিনের বেআইনি দখলদারির বিরুদ্ধে শুক্রবার উচ্ছেদ অভিযান চালাল পোর্ট ট্রাস্ট ও হাওড়া সিটি পুলিশ।

শালিমারে বুলডোজার অভিযান, পোর্ট ট্রাস্টের জমি থেকে  সরল বেআইনি দোকান
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শালিমারের কয়লা ডিপো এলাকায় পোর্ট ট্রাস্টের জমিতে দীর্ঘদিনের বেআইনি দখলদারির বিরুদ্ধে শুক্রবার উচ্ছেদ অভিযান চালাল পোর্ট ট্রাস্ট ও হাওড়া সিটি পুলিশ। দুপুরে একাধিক বুলডোজার নিয়ে অভিযান শুরু হয়। প্রায় দু’কিমি রাস্তার দু’ধারে গড়ে ওঠা বেআইনি দোকান ও নির্মাণ একে একে ভেঙে ফেলা হয়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকাজুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পোর্ট ট্রাস্টের দাবি, রাস্তা সম্প্রসারণ এবং নিকাশি পরিকাঠামোর উন্নয়নের স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই ড্রেন তৈরির কাজ শুরু হয়েছে, কিন্তু দীর্ঘদিনের অবৈধ দখলদারির কারণে সেই কাজে বাধা তৈরি হচ্ছিল। পোর্ট ট্রাস্টের এক পদস্থ আধিকারিক বলেন, ‘বহু বছর ধরে সরকারি অনুমোদন ছাড়াই রাস্তার ধারে বেআইনি দখলদারি হয়েছে। একাধিকবার তাঁদের সরে যেতে বললেও তা মানা হয়নি। রাস্তা চওড়া করা এবং ড্রেন নির্মাণের কাজ সম্পূর্ণ করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।’ স্থানীয় সূত্রের দাবি, এদিন ৫০টিরও বেশি দোকান ভেঙে দেওয়া হয়েছে। মুদিখানা, সবজির দোকান, চায়ের দোকান সহ বিভিন্ন ছোটো ব্যবসা এই অভিযানের কবলে পড়ে। বহু পাকা কাঠামোও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে প্রশাসনের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একাংশ। ভাঙা পড়া একটি মুদি দোকানের মালিক সুরেন্দ্র আগরওয়াল বলেন, ‘আমাদের এখানে প্রায় ৭০ বছরের ব্যবসা। এতদিন কেউ কিছু বলেনি। এখন হঠাৎ বুলডোজার চালিয়ে সব গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে। পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম।’ আর এক ব্যবসায়ী বিশাল চৌবে বলেন, ‘দোকান ভাঙার আগে আমাদের কোনও নোটিস দেওয়া হয়নি। পুনর্বাসনের বিষয়েও কেউ কিছু জানায়নি। হঠাৎ দুপুরে বুলডোজার নিয়ে এসে দোকান ভেঙে দেওয়া হল।’  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ