Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বুলা চৌধুরীর বাড়িতে চুরির কিনারা, উদ্ধার ২৯৫ পদক

পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির কিনারা করল পুলিস। চন্দননগর পুলিস কমিশনারেটের বিশেষ দল রিষড়ার একটি বাড়ি থেকে ২৯৫টি পদক সহ খোয়া যাওয়া প্রায় সমস্ত জিনিসই উদ্ধার করেছে।

বুলা চৌধুরীর বাড়িতে চুরির কিনারা, উদ্ধার ২৯৫ পদক
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির কিনারা করল পুলিস। চন্দননগর পুলিস কমিশনারেটের বিশেষ দল রিষড়ার একটি বাড়ি থেকে ২৯৫টি পদক সহ খোয়া যাওয়া প্রায় সমস্ত জিনিসই উদ্ধার করেছে। সেই সঙ্গে চুরির সঙ্গে জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে তারা। পুলিস জানিয়েছে, ধৃতের নাম কৃষ্ণ চৌধুরী। সে ১২ থেকে ১৪আগস্টের মধ্যে দু’দফায় বুলাদেবীর বাড়িতে চুরি করেছিল। বুলাদেবী দাবি করেছিলেন, শতাধিক পদকের সঙ্গে তাঁর পদ্মশ্রী পুরস্কারের ব্রোচ স্মারকটিও চুরি হয়েছিল। পুলিস জানিয়েছে, উদ্ধার হওয়া সমস্ত স্মারক খতিয়ে দেখার জন্য বলা হয়েছে বুলাদেবীকে। তারপরেই পরবর্তী পদক্ষেপ করা হবে। তদন্ত এখনও শেষ হয়নি।

Advertisement

শুক্রবার, স্বাধীনতা দিবসের সকালে বিশিষ্ট সাঁতারুর উত্তরপাড়ার বাড়িতে চুরির ঘটনা সামনে আসে। তার প্রায় ৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার হওয়ায় উল্লসিত বুলাদেবী। রবিবার তিনি বলেন, ‘আমি বলেছিলাম, পুলিস সব পারে। সেটাই তাঁরা প্রমাণ করে দিয়েছেন। আমার সারা জীবনের অর্জন ওই পদকগুলি। সেগুলি হারিয়ে আমি একেবারে ভেঙে পড়েছিলাম। পদ্মশ্রী পুরস্কারের একটি ব্রোচ আমি খুঁজে পাচ্ছিলাম না। যদিও মেডেলটি আমার কলকাতার বাড়িতে আছে। উদ্ধার হওয়া জিনিসগুলি একবার দেখলে বুঝতে পারব, সব কিছু ফিরে পেলাম কি না। অনেক পদক পেয়েছি। সবগুলির কথা এক লহমায় মনে করা কঠিন।’ এদিন চন্দননগর কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস সাংবাদিক বৈঠক করে বলেন, ‘বিশিষ্ট সাঁতারু বুলা চৌধুরী আমাদের গর্ব। উত্তরপাড়ার দেবাইপুকুরে তাঁর বাড়িতে চুরি হয়েছিল। তিনি জানিয়েছিলেন, প্রায় দেড়শোটি পদক খোয়া গিয়েছে। আমরা ২৯৫টি পদক উদ্ধার করেছি। বলা যায়, ৯৯.৯৯ শতাংশ খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিসের একটি বিশেষ টিম তদন্ত করেছে। আমরা তাদের সাফল্যে গর্বিত।’ 
প্রসঙ্গত, উত্তরপাড়ার দেবাইপুকুরের বাড়িতে বুলাদেবী থাকেন না। স্থানীয় বাসিন্দা তাঁর দুই ভাই সেই বাড়ি দেখাশোনা করেন। স্বাধীনতা দিবসের সকালে তাঁরা খবর পান, বাড়ির পিছনের দরজা ভাঙা। এক ভাই বাড়িতে এসে দেখেন, সমস্ত পদক, এমনকী বাথরুমের কলও দুষ্কৃতীরা খুলে নিয়ে গিয়েছে। এই ঘটনায় হইচই পড়ে যায়। বুলাদেবী পুলিসের ভূমিকা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন। চন্দননগর কমিশনারেটের পুলিস দ্রুত বিশেষ দল গঠন করে। তদন্তে সিআইডির সাহায্য নেওয়া হয়। তারপরেই রিষড়ার কৃষ্ণ চৌধুরীর হদিশ মেলে। তার বাড়ি থেকেই খোয়া যাওয়া পদক, ধাতুর মূর্তি সহ নানা জিনিস উদ্ধার হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণ একাধিকবার বুলাদেবীর বাড়ি রেকি করেছিল। তারপরেই সে রীতিমতো পরিকল্পনা করেই চুরি করে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ