সংবাদদাতা, পতিরাম: ওভারটেক নিয়ে সরকারি ও বেসরকারি বাসের চালক কন্ডাক্টরদের মধ্যে মারপিটের ঘটনায় শোরগোল পতিরাম থানার বাউলে। দুই বাসের চালক ও কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এনিয়ে পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সরকারি বাস চালক। পুলিস সূত্রে খবর, গঙ্গারামপুর থেকে বালুরঘাটে আসা নিয়ে দুই বাসের ওভারটেক নিয়ে সমস্যার সৃষ্টি হয়। সরকারি বাস চালকের অভিযোগ, রামপুরে বেসরকারি বাসটি এসে সামনে দাঁড়ায়। এরপর হটাৎ ওই বাসের চালক ও খালাসি রড নিয়ে এসে হামলা চালায়। সরকারি বাসের চালক বলেন, ওই বেসরকারি বাসের চালক ও খালাসি রড নিয়ে এসে লুকিং গ্লাস ভেঙে দেয়। এছাড়াও আমাকে জানালা দিয়ে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করে। এমনকী খালাসিকে নিয়ে মারধর করে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিস।



