Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বজবজ: ১১ হাজারের বেশি নতুন মিটার সহ জলের সংযোগ

১৪ হাজার নতুন বাড়িতে মিটার সহ জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছিল বজবজ পুরসভা। তার মধ্যে ইতিমধ্যেই ১১ হাজার ২০০টি বাড়িতে এই কাজ শেষ হয়েছে।

বজবজ: ১১ হাজারের বেশি নতুন মিটার সহ জলের সংযোগ
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: ১৪ হাজার নতুন বাড়িতে মিটার সহ জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছিল বজবজ পুরসভা। তার মধ্যে ইতিমধ্যেই ১১ হাজার ২০০টি বাড়িতে এই কাজ শেষ হয়েছে। বাকি ২ হাজার ৮০০ নতুন বাড়িতে ধাপে ধাপে এই সংযোগ দেওয়া হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, নতুন বাড়িতে মিটার সহ জলের সংযোগ দেওয়ার কাজ শেষ হলে পরবর্তী পর্যায়ে পুরনো সংযোগে মিটার বসানোর কাজ শুরু হবে। এই সংখ্যা ১০ হাজারের বেশি। 

Advertisement

চেয়ারম্যান বলেন, এখনও ২০টি ওয়ার্ডে চাহিদা অনুসারে পর্যাপ্ত পরিমাণ পরিস্রুত পানীয় জল দেওয়া যাচ্ছে না। কারণ সেই সব ওয়ার্ডের জন্য ভূগর্ভস্থ জলাধার এবং ওভারহেড ট্যাঙ্ক নির্মাণের কাজ শেষ হয়নি। সেই কাজ চলছে। হিসেব কষে দেখা গিয়েছে, ওই ২০টি ওয়ার্ডে ২৪ হাজারের বেশি বাড়ি ও শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেখানে দু’ মিলিয়ন গ্যালনের ভূগর্ভস্থ জলাধার প্রয়োজন। ওই জল সরবরাহের জন্য দু’টি ওয়ার্ড পিছু একটি করে ওভারহেড ট্যাঙ্ক দরকার। বজবজে বর্তমানে এমন ছ’টি ট্যাঙ্ক রয়েছে। নতুন করে এখন একটি ট্যাঙ্ক তৈরি হয়েছে। আরও তিনটি ট্যাঙ্ক নির্মাণের কাজ চলছে। এই নির্মাণ কাজ শেষ হতে আরও সাতমাস সময় লাগবে।
চেয়ারম্যান বলেন, এখন ০.২৫ মিলিয়ন গ্যালন ধারণ ক্ষমতার একটি ভূগর্ভস্থ জলাধার রয়েছে। ১৯ নম্বর ওয়ার্ডের ট্রেঞ্চিং গ্রাউন্ডের কাছে দুই মিলিয়ন গ্যালন ধারণ ক্ষমতার নতুন ভূগর্ভস্থ জলাধার তৈরি হচ্ছে। এই কাজ শেষ হতে আরও দেড় মাস সময় লাগবে। গৌতমবাবুর কথায়, আকড়া ট্রিটমেন্ট প্লান্ট থেকে আমরা দিনে সাত মিলিয়ন গ্যালন জল পাব। কিন্তু ভূগর্ভস্থ জলাধার ও ওভারহেড ট্যাঙ্ক তৈরি না হওয়া পর্যন্ত ওই জল বজবজ পর্যন্ত আনা যাচ্ছে না। আশা করছি, পরিকাঠামো তৈরির কাজ শেষ হয়ে গেলে এলাকাবাসীর জলের চাহিদা পুরোপুরি মিটে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ