সংবাদদাতা, মানকর: সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় ১৯ নম্বর জাতীয় সড়কের বুদবুদ-মানকর আন্ডারপাসে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, জাতীয় সড়ক থেকে বুদবুদ ও মানকর যাওয়ার জন্য রাস্তার দু’পাশের সার্ভিস রোড ও আন্ডারপাস করা হয়েছে। কিন্তু আন্ডারপাসে নিকাশি নালা করা হয়নি। সামান্য বৃষ্টিতেই তাই আন্ডারপাসের দুই দিকেই জল জমে যায়। গলসি-১ ব্লকের বিডিও জয়প্রকাশ মণ্ডল বলেন, সমস্যার কথা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।
জাতীয় সড়ক দিয়ে বুদবুদ থেকে মানকরে আসার জন্য রাস্তায় একটি আন্ডারপাস তৈরি করা হয়। বর্তমানে জাতীয় সড়ক চার লেনের করা হয়েছে। পানাগড় থেকে বুদবুদ পর্যন্ত একাধিক ফ্লাইওভার করা হয়েছে। তৈরি হয়েছে নতুন সার্ভিস রোড। এখন জাতীয় সড়ক থেকে সরাসরি সার্ভিস রোড দিয়ে বুদবুদ বা মানকর আসা যায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, জাতীয় সড়কের দু’ধারে নতুন দু’টি সার্ভিস হওয়ার ফলে আগের থেকে রাস্তা উঁচু হয়ে গিয়েছে। বৃষ্টি হলে সেই জল গিয়ে জমা হচ্ছে আন্ডারপাসের ভিতরে। এখানে নিকাশি ব্যবস্থা করা প্রয়োজন।
স্থানীয় সূত্রে জানা যায়, এই রাস্তাটি বুদবুদ, মানকর ছাড়াও আউশগ্রাম-২ ও ১ ব্লকের বাসিন্দারা নিয়মিত ব্যবহার করেন। দুর্গাপুর-গুসকরা বাসগুলি এই রাস্তা দিয়েই যায়। অনেকেই বুদবুদ সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে মানকরে ট্রেন ধরতে আসেন। ফলে সারাদিন রাস্তায় ব্যাপক চাপ থাকে।
আউশগ্রামের বাসিন্দা অরিজিৎ ঘোষ বলেন, আমি প্রায়ই বাইক নিয়ে এই রাস্তায় যাতায়াত করি। বৃষ্টি হলেই আন্ডারপাসে জল জমে যায়। পাশে দাঁড়ানোর জায়গা থাকে না। অনেক সময় নোংরা জলের ছিটে গায়ে এসে লাগে। তিনি জানান, বর্ষাকালে সমস্যা বাড়ে। প্রায় প্রতিদিনই বৃষ্টি হওয়ার ফলে আন্ডারপাসের দু’দিকেই জল জমে থাকে। স্থানীয় পথচারী থেকে সাইকেল আরোহীদের অসুবিধা হয় সব থেকে বেশি। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হয়েছে।-নিজস্ব চিত্র