সংবাদদাতা, কুমারগ্রাম: দীর্ঘদিনের দাবি পুরণ হতে চলেছে কুমারগ্রাম ব্লকের মধ্য হলদিবাড়ির বিত্তিবাড়ি গ্রামের বাসিন্দাদের। গ্রামে যাতায়াতের পথে সঙ্কোশ নদীর উপর তৈরি করা হচ্ছে কাঠের সেতু। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সেতুর নির্মাণকাজ শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বনদপ্তরের ভল্কার রেঞ্জ অফিসার প্রভাতকুমার বর্মন, চ্যাংমারির বিট অফিসার লালমোহন রায় সহ অন্যরা। বনদপ্তর জানিয়েছে, বিত্তিবাড়ি গ্রামের বাসিন্দাদের সুবিধার্থে ছ’লক্ষ টাকা ব্যয়ে কাঠের সেতুটি তৈরি করা হবে। সেতুটি তৈরি করবে মধ্য হলদিবাড়ি যৌথ বন পরিচালন কমিটি। উল্লেখ্য, বিত্তিবাড়ি গ্রাম চারদিক থেকে সঙ্কোশ নদীবেষ্টিত। বর্ষাকালে গ্রামে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগে পড়তে হয় বাসিন্দাদের। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল নদীতে সেতু তৈরির। প্রশাসনের বিভিন্ন মহলে দাবি জানিয়েও এতদিন সমস্যার কোনও সুরাহা হয়নি। অবশেষে এগিয়ে এল বনদপ্তর। স্থানীয় যৌথ বন পরিচালন কমিটির মাধ্যমে নদীতে কাঠের সেতু তৈরির উদ্যোগ নিয়েছে বনদপ্তর। বনদপ্তরের ভল্কার রেঞ্জ অফিসার প্রভাতকুমার বর্মন বলেন, বিত্তিবাড়ির বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল সেতু নির্মাণের। বর্ষাকালে গ্রামের বয়স্ক মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের যাতায়াতে ভীষণ সমস্যা হয়। তাই আমরা যৌথ বন পরিচালন কমিটির মাধ্যমে এখানে সেতু নির্মাণের উদ্যোগ নিলাম। এদিন আনুষ্ঠানিকভাবে সেতুর কাজ শুরু হল।



