সংবাদদাতা, নকশালবাড়ি: খড়িবাড়ি ব্লকের বাতাসিতে সোমবার রাতে পুলিসের বিশেষ অভিযানে গোরু সহ গ্রেপ্তার হয় দু’জন। পুলিস জানিয়েছে, ধৃতরা হল মহম্মদ ইউনিস ও মহম্মদ তৈমুর। ধৃতরা বিহারের কাটিহারের বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, বিশেষ সূত্র মারফত খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিস। এরপর সন্দেহজনক দু’টি লরি আটক করে তল্লাশি চালানো হয়। মোট ৪৫টি গোরু উদ্ধার হয় লরি দু’টি থেকে। তবে গাড়ির চালক গবাদিপশু পরিবহণের কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিস দু’টি লরিরই চালককে গ্রেপ্তার করে। ধৃতদের জেরা করে এবং প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, উদ্ধার গোরু বিহার থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল।
Advertisement
অন্যদিকে, মঙ্গলবার ভোরে ভারত-নেপাল সীমান্তের নকশালবাড়ির বড় মণিরামজোতে এসএসবি’র অষ্টম ব্যাটালিয়নের অভিযান পাঁচটি মোষ উদ্ধার হয়। তবে এসএসবি’র অভিযান বুঝতে পেরে পাচারকারীরা নেপালের দিকে পালিয়ে যায়। তাই এ ঘটনায় কেউ ধরা পড়েনি।



