Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিতর্কিত স্যালাইন ব্যবহার রানাঘাট হাসপাতালে,  নজরে আসতেই তড়িঘড়ি বদলের সিদ্ধান্ত

বিতর্কিত স্যালাইন ব্যবহার রানাঘাট হাসপাতালে,  নজরে আসতেই তড়িঘড়ি বদলের সিদ্ধান্ত
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: স্যালাইন নিয়ে রাজ্যে বেশ জলঘোলা চলেছে। শেষমেষ রাজ্যের স্বাস্থ্যদপ্তর বিতর্কিত সংস্থার স্যালাইন ব্যবহারে আপাতত নিষেধাজ্ঞা জারি করেছে। অথচ সেই বিতর্কিত স্যালাইনই দেওয়া হচ্ছে রোগীকে! বুধবার রানাঘাট মহকুমা হাসপাতালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
Advertisement
পশ্চিম মেদিনীপুরে এক প্রসূতির মৃত্যু ও আরও চার প্রসূতি অসুস্থ হওয়ার ঘটনায় একটি বিশেষ সংস্থার স্যালাইন বিতর্কের কেন্দ্রে আসে। ওই সংস্থাই রাজ্যের হাসপাতালে স্যালাইন সহ নানা চিকিৎসা সামগ্রী সরবরাহ করে। বিতর্কের জেরে ওই সংস্থার সরবরাহ করা প্রায় সাতধরনের সরঞ্জাম ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্যদপ্তর।
মূল বিতর্ক হয় ‘রিঙ্গার ল্যাক্টেট’(আরএল) ধরনের স্যালাইন নিয়ে। তবে নিষেধাজ্ঞায় ওই সংস্থার সরবরাহ করা আরএল ছাড়াও নরম্যাল স্যালাইন(এনএস), ডি-ফাইভের মতো বিভিন্ন ধরনের স্যালাইন ব্যবহারও বন্ধ করতে বলা হয়েছে। তার বদলে অন্য সংস্থার স্যালাইন কিনে কাজ চালাতে বলা হয়েছে।
বুধবার রানাঘাট হাসপাতালে দেখা যায়, নির্দেশিকা সত্ত্বেও ওই বিতর্কিত সংস্থার স্যালাইন এক রোগীকে দেওয়া হচ্ছে। এদিন একজন দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে এদিন প্রথমে জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে তাঁকে মেল মেডিকেল ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু ওই রোগীকে দেওয়া স্যালাইনে চোখ পড়তেই দেখা যায়, তাঁকে সেই বিতর্কিত সংস্থার স্যালাইন দেওয়া হয়েছে। ওয়ার্ডে অন্য সমস্ত রোগীদের অন্য কোম্পানির স্যালাইন দেওয়া হলেও একমাত্র ওই রোগীর ক্ষেত্রেই এই গণ্ডগোল হয়েছিল। বিষয়টি জানাজানি হতেই হাসপাতালে গুঞ্জন শুরু হয়। এরপর তড়িঘড়ি সেই স্যালাইন বদলে দেওয়া হয়। কীভাবে এরকম ভয়ঙ্কর ভুল হল-তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী বলেন, আমরা সমস্ত ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডিপার্টমেন্ট থেকে ওই বিতর্কিত সংস্থার স্যালাইন ও অন্য মেডিকেল কিট সরিয়ে নিয়েছি। সব জায়গায় নির্দেশিকা দেওয়া হয়েছিল। শুধু জরুরি বিভাগে ওই স্যালাইন রয়ে গিয়েছিল। এদিন কোনওভাবে সেটাই ওই রোগীকে দেওয়া হয় বলে জানতে পেরেছি। কেন জরুরি বিভাগ থেকে ওই স্যালাইন সরানো হয়নি, কেন বারবার নির্দেশিকার পরও এধরনের ঘটনা ঘটছে-এসব আমি কর্তব্যরত নার্সদের থেকে জানতে চেয়েছি। -নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ