Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিতর্কের জের, ইস্তফা বিধাননগরের স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের

বিতর্কের জের, ইস্তফা বিধাননগরের স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: বিতর্ক এড়াতে এবার পদ থেকে ইস্তফা দিলেন টিআইসি। গত শনিবার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সন্তোষিণী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষায় ফেল করা পড়ুয়াদের হাজার টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার অভিযোগ ওঠে টিআইসি অলোক কুমার বিশ্বাসের বিরুদ্ধে। স্কুল সূত্রে জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষায় ৭১ জন অকৃতকার্য হয়েছিল। বোর্ডের পরীক্ষার জন্য ফর্ম ফিলাপের আগে তাদের কাছে ওই টাকা চাওয়া হয়েছিল। খবর প্রকাশ্যে আসতেই সোমবার এনিয়ে টিআইসিকে ঘিরে বিক্ষোভ দেখান প্রাক্তনীরা। বৃহস্পতিবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্কুলের পরিচালন কমিটিকে টিআইসি পদ থেকে ইস্তফা দিতে চেয়ে চিঠি পাঠান অলোকবাবু। এনিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি অলোকবাবুর। 
Advertisement
তিনি বলেন, ২০২২ সাল থেকে টিআইসি পদে রয়েছি। আমাকে নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা ভিত্তিহীন। শিক্ষামূলক ভ্রমণের জন্য হাজার টাকা করে নেওয়া হয়েছিল। এনিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে ইদানীং সুগার ও কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া সত্ত্বেও স্কুলের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছিলাম। তবে এখন তা বেড়েছে। এজন্য চিকিৎসক বিশ্রাম নিতে বলেছেন। স্বেচ্ছায় টিআইসি থেকে পদত্যাগ করলাম। স্কুলের পরিচালন কমিটির সভাপতি শিবেশ ভৌমিক বলেন, অসুস্থতার কারণ দেখিয়ে অলোকবাবু টিআইসি পদ থেকে ইস্তফা দিয়েছেন। আমরা খুব শীঘ্রই বৈঠক করে নতুন একজনকে টিআইসি’র দায়িত্বভার দেওয়ার ব্যবস্থা করব। অলোকবাবুর একটু ভুল ছিল। ওই টাকাটা যে শিক্ষামূলক ভ্রমণের জন্য নেওয়া হয়েছে তা ছাত্রছাত্রীদের আগাম জানিয়ে দেওয়ার দরকার ছিল।
সম্পর্কিত সংবাদ