Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেতন বৃদ্ধির দাবিতে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার প্ল্যান্টে চালক-বিক্ষোভ

বেতন বৃদ্ধির দাবিতে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার প্ল্যান্টে চালক-বিক্ষোভ
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: বেতন বৃদ্ধির দাবিতে রাজবাঁধ চটি সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার বটলিং প্ল্যান্টের সামনে সোমবার বিক্ষোভ দেখালেন প্রায় ২০০ জন চালক। তাঁদের অভিযোগ, চালকদের মাত্র তিন থেকে চার হাজার টাকা মাসিক বেতন দেওয়া হয়। এই টাকায় সংসার চালানো যাচ্ছে না। একাধিকবার কর্তৃপক্ষকে আবেদন করা হলেও পরিস্থিতি বদলায়নি। এদিন সংস্থার গেটের সামনে দাঁড়িয়ে চালকরা বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। 
Advertisement
চালকদের পক্ষে গণেশ মাঝি, ইনজামামুল হক বলেন, ছ’চাকা গাড়িতে তিনহাজার টাকা ও দশচাকা গাড়িতে চার হাজার টাকা বেতন দেওয়া হয়। এত অল্প টাকায় সংসার চালানো দায় হয়ে পড়েছে। কর্তৃপক্ষকে একাধিকবার টাকা বাড়ানোর কথা জানানো হলেও কোনও লাভ হয়নি। অথচ আমাদের প্রতিদিনই ডিউটি করতে হচ্ছে। চালকরা বলেন, রবিবার বা ছুটির দিনে ডিউটি করলেও আলাদা কোনও বোনাস দেওয়া হয় না। আমাদের দাবি, ১০ হাজার টাকা মাসিক বেতন দিতে হবে ও হাত খরচ ৩০০ টাকা দিতে হবে। চালকরা আরও জানান, গাড়ি লোড করে নিয়ে যাওয়ার সময় কোনও হেল্পার দেওয়া হয় না। ফলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। হেল্পার ছাড়া ভিড় রাস্তায় লোডেড গাড়ি নিয়ে যেতে সমস্যা হয়। চালকরা এদিন দাবি করেন, বেতন বাড়ানো না হলে কোনওভাবেই তাঁরা গাড়ি চালাবেন না। দাবি না মানলে আন্দোলন চলবে।
পরিস্থিতি স্বাভাবিক করতে এদিন কর্তৃপক্ষের সঙ্গে চালকদের প্রতিনিধি দল বৈঠকে বসেন। কর্তৃপক্ষের তরফে দেবাশিস দে বলেন, নতুন বছরের শুরুর দিকে তাঁদের দাবি নিয়ে কর্তৃপক্ষ চিন্তাভাবনা করবে।
সম্পর্কিত সংবাদ