Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বাটলার-নবিদের মরণ-বাঁচন লড়াই

বাটলার-নবিদের মরণ-বাঁচন লড়াই
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লাহোর: টিকে থাকতে গেলে জিততেই হবে। অন্যথায় নিশ্চিত বিদায়। মরণ-বাঁচন পরিস্থিতিতে বুধবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-আফগানিস্তান। গ্রুপ‘এ’ তে নিজেদের প্রথম ম্যাচে রশিদ খানদের হেলায় হারায় দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে বড় রান তুলেও বশ মানে থ্রি-লায়ন্স। প্রতিটি গ্রুপ থেকে দু’টি দল শেষ চারে পৌঁছবে। আপাতত দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ঝুলিতে ৩ পয়েন্ট। তাই ইংল্যান্ড ও আফগানিস্তানের কাছে বুধবারের ম্যাচ কার্যত নক-আউট। 
Advertisement
লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের পিচ  স্ট্রোক প্লেয়ারদের স্বর্গ। বিশেষজ্ঞদের ধারণা, রানের বন্যা দেখা যেতেই পারে। এই ম্যাচে ফেভারিট কোন দল? ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও আশাপ্রদ নয়। উপমহাদেশের উইকেটে বারবার ভরাডুবি ঘটছে তাদের। ভারতের মাটিতে মুখ থুবড়ে পড়েছিলেন বাটলাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই ট্র্যাডিসন অব্যাহত। বাটলার, লিভিংস্টোনরা হারের ট্রেন্ড বদলাতে মরিয়া। তবে বোলিং নিয়েও চিন্তা থাকছে। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫১ রানের বিশাল স্কোর খাড়া করেও জিততে পারেনি ইংল্যান্ড। মনে রাখতে হবে, আফগান স্কোয়াডেও একাধিক ভালো মানের ব্যাটার রয়েছেন। বিশেষ করে গুরবাজ, রহমতরা বড় স্ট্রোক নিতে পারেন। সীমিত ওভারের ক্রিকেটে আফগানরা সারপ্রাইজ প্যাকেজ। আঁটসাট স্পিন তাঁদের অস্ত্র। বিশেষ করে রশিদ খান, মহম্মদ নবিরা যে কোনও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়তে সক্ষম। এদিকে, তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নারীদের শিক্ষা, ক্রীড়াক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। তার প্রতিবাদে আফগানদের বিরুদ্ধে বাটলারদের ম্যাচ বয়কটের দাবি জানিয়েছিলেন ইংল্যান্ডের রাজনীতিবিদরা। যদিও সেই প্রস্তাব গ্রহণ করেনি ইসিবি। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বাটলার বলেন, ‘আফগানিস্তানে মহিলাদের দুর্দশায় আমরা ব্যথিত। আশা করব, ক্রিকেটের মাধ্যমে সেখানে ইতিবাচক পরিবর্তন আসবে।’
 ম্যাচ শুরু দুপুর ২-৩০ মিনিটে।
 স্টার স্পোর্টসে সম্প্রচার।
Advertisement
সম্পর্কিত সংবাদ