সংবাদদাতা, কৃষ্ণনগর: প্রচুর নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল কৃষ্ণগঞ্জে। ধৃতের নাম এ ডি সজীব মিয়াঁ। তার কাছ থেকে ১৫৪বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কৃষ্ণগঞ্জ থানার টুঙ্গি এলাকায় বিএসএফ ওই বাংলাদেশিকে পাকড়াও করে। তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। পুলিস জানিয়েছে, ধৃত ব্যক্তির বাড়ি বাংলাদেশের জীবননগর এলাকায়।
Advertisement
সোমবার সন্ধ্যায় টুঙ্গি এলাকায় এই বাংলাদেশি অনুপ্রবেশকারী উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল। সেসময় বিএসএফের ৩২নম্বর ব্যাটেলিয়নের টিম তাকে গ্রেপ্তার করে। পরে রাতে তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। এপ্রসঙ্গে অতিরিক্ত পুলিস সুপার মিত কুমার বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বিএসএফ ধরেছে। তার কাছ থেকে ১৫৪বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত হয়েছে।নদীয়ায় মোট ২৩.৭ কিমি অরক্ষিত সীমান্ত এলাকা আছে। নদীয়ার কাঁটাতারহীন এলাকার মধ্যে ১৩.৫ কিমি নদী ও ১০.২ কিমি স্থল এলাকায় পড়ে। এর মধ্যে কৃষ্ণগঞ্জ থানা এলাকায় প্রায় আড়াই কিমি সীমান্ত কাঁটাতারবিহীন হয়ে রয়েছে। নদীয়া জেলায় এর মধ্যে ২৫০-এর বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুলিস গ্রেপ্তার করেছে। এর মধ্যে রোহিঙ্গাও ধরা পড়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ার ঘটনায় এলাকায় ক্রমশ উদ্বেগ বাড়ছে।



