Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়িতেই সুড়ঙ্গ খুঁড়ে গাঁজার কারবার, ধৃত, ঘরের মেঝের স্ল্যাব সরাতেই পর্দাফাঁস

বাড়িতেই সুড়ঙ্গ খুঁড়ে গাঁজার কারবার, ধৃত, ঘরের মেঝের স্ল্যাব সরাতেই পর্দাফাঁস
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: কাকপক্ষীও যাতে টের না পায় সেজন্য ঘরের ভিতরে করা হয়েছিল গোপন সুড়ঙ্গ। সেখানেই মজুত করা ছিল প্রচুর পরিমাণে গাঁজা। তবুও শেষরক্ষা হল না। মঙ্গলবার রাতে সূতির মধ্যপাড়ায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিস। ঘরের মেঝে থেকে ঢাকনা সরাতেই চিচিং ফাঁক। সুড়ঙ্গ থেকে গাঁজা উদ্ধার করে সূতি থানার পুলিস। বাড়ির মালিক তৈবুর বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের বাড়ি সূতি থানার ইসলামপুর গ্রামে। তৈবুর গাঁজা বাড়িতেই মজুত করে রাখত। তারপর ছোটো পুড়িয়া করে গোপনে বিক্রি করত। বেশকিছু ধরে সে এই কারবার চালাচ্ছিল বলে জানতে পেরেছে পুলিস।  বুধবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হয়। সূতি থানার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, অভিযান চালিয়ে ঘরের ভিতরে গোপন সুড়ঙ্গ থেকে সাড়ে সাত কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। 
Advertisement
গোপন সূত্রে খবর পেয়ে রাতে সূতি থানার ইসলামপুর গ্রামের মধ্যপাড়ায় তৈবুরের বাড়ি ঘিরে ফেলে পুলিস। ঘরে ঢুকে তন্নতন্ন করে তল্লাশি চালায় পুলিস। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরও সন্দেহজনক কিছু না মেলায় ফিরেই যাচ্ছিল পুলিস। ঠিক সেসময় ঘরের কোণে রাখা একটি বড় কাঠের বাক্স সরায় পুলিস। বাক্স সরাতেই মেঝেতে একটি দু’ফুট বাই দু'ফুট স্লাবের ঢাকনা নজরে আসে পুলিসের। তাতেই সন্দেহ জাগে পুলিসের। বাক্সের তলার স্লাবের ঢাকনা সরাতেই প্রায় তিন ফুট গভীর একটি সুড়ঙ্গের সন্ধান মেলে। সুড়ঙ্গের ভিতরে টর্চের আলো ফেলতেই বেশকিছু প্যাকেট খেতে পায় পুলিস কর্মীরা। ওই প্যাকেট কাটতেই করতেই বেরিয়ে আসে গাঁজা। প্রায় সাড়ে সাত কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিস। 
তৈবুর মালদহের কালিয়াচক ও বিহার থেকে গাঁজা আমদানি করত। তারপর অন্যদের নজর এড়ানোর জন্য সেগুলো সে ছোটো ছোটো পুড়িয়া করে প্লাস্টিকের প্যাকেটে ভরে পাচার করত। গোপনে ওই গাঁজা চড়া দামে বিক্রি করত বলে পুলিস জানতে পেরেছে। ধৃত গাঁজা কারবারি তেমনভাবে চলাফেরা করতে পারে না। ফলে বাড়ি থেকেই সে গাঁজার কারবার চালাত। চলাফেরা করতে না পারায় এতদিন কেউ তাকে সন্দেহ করেনি। 
প্রসঙ্গত, দিন দু'য়েক আগেই সূতির হাসানপুর আমবাগান থেকে ১০৮ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিস। অপরদিকে প্রায় সপ্তাহ খানেক আগেই ফরাক্কা স্টেশনে সংলগ্ন এলাকা থেকে ১২৫ কেজি গাঁজা সহ বিহারের চার যুবককে গ্রেপ্তার করা হয়। একের পর এক মাদক পাচারের ঘটনায় উদ্বিগ্ন পুলিসও।
সম্পর্কিত সংবাদ