সংবাদদাতা, জঙ্গিপুর: বুথ লেভেলের যুব কর্মীদের রাজনৈতিক দক্ষতা গড়ে তুলতে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করল শাসক দল তৃণমূল। যুব কর্মীদের জন্য প্রশিক্ষণ শিবির করল সামশেরগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে সামশেরগঞ্জের ডাকবাংলায় দলীয় কার্যালয়ে এই প্রশিক্ষণ শিবিরে অনুষ্ঠিত হয়। ব্লকের সমস্ত অঞ্চল, বুথ লেভেলের যুব তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য সহ স্থানীয় নেতৃত্ব এই শিবিরে উপস্থিত ছিলেন। কর্মীদের উজ্জীবিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিডিও বার্তা ও তাঁদের নীতি আদর্শ যুব কর্মীদের সামনে তুলে ধরা হয়। বুথস্তর থেকে অঞ্চলের কর্মীরা কীভাবে সাধারণ মানুষের সঙ্গে কাজ করবেন, সেই বিষয়ে তাদের পাঠ দেওয়া হয়। কর্মীদের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য হাবিব পারভেজ, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ ইকবাল প্রমুখ। এদিনের শিবিরে কর্মীদের ক্লাস নেন বিধায়ক আমিরুল ইসলাম। তিনি বলেন, দলের আসল শক্তি তো আমাদের যুবক ভাই-বোনেরা। তাঁরাই এলাকার সকলের সঙ্গে যোগাযোগ রাখেন। কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, মানুষের কাজ করতে হয়, তা শেখা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধয়ের নীতি আদর্শ তাঁদের সামনে তুলে ধরা হয়।



