Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়েতে রাজি নয় প্রেমিক, ধর্ষণের অভিযোগ বধূর

বিয়েতে রাজি নয় প্রেমিক, ধর্ষণের অভিযোগ বধূর
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: ইটাহার থানায় হাজির হয়ে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন এক বধূ। তাঁর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্কের পর প্রেমিক এখন বেঁকে বসেছে। সে আর বিয়ে করতে রাজি নয়। এদিকে, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়েই স্বামীকে ত্যাগ করেছিলেন ওই বধূ। প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় এখন সব হারিয়ে ফাঁপড়ে পড়েছেন তিনি। তবে লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিস। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রেমিক ও ওই বধূর বাড়ি ইটাহারের দুটি পৃথক গ্রামে। দু’বছর আগে বধূ স্বামীর সঙ্গে ভিনরাজ্যে পরিযায়ীর কাজ করতে যান। সঙ্গে এই যুবকও যান। অভিযোগ,এরপর ওই যুবক বধূকে নানাভাবে ভালোবাসার জালে জড়ায়। বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীর অবর্তমানে বধূর সঙ্গে একাধিকবার শারিরীক সম্পর্ক করে। পরকীয়া জানাজানি হওয়ায় আইনিভাবে দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। এরপর বধূ প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ইটাহারে ফিরে আসেন। কিন্তু বিয়ের কথা বলতেই টালবাহানা শুরু করে যুবক। তিন মাস আগে ফের বধূকে প্রলোভন দিয়ে গ্রামে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ। কিন্তু তাঁর সঙ্গে প্রতারণা চলছে বুঝতে পেরে স্ত্রীর পরিচয়ের দাবিতে বধূ চলতি মাসের ১৩ তারিখ প্রেমিকের বাড়িতে হাজির হন। বাড়ির লোক তাকে বের করে দিয়ে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। এরপর সালিসিতে প্রেমিকের পরিজন বধূর সঙ্গে ছেলের বিয়ে দেবেন বলেও জানান। কিন্তু বিয়ের দিন প্রেমিক আসেননি। এমনকি যোগাযোগও করেননি। তারপরই থানায় ধর্ষণের অভিযোগ জানান ওই বধূ। নির্যাতিতা বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়েছে। এখন বিয়েও করতে চাইছে না। আমার জীবন নষ্ট করেছে ছেলেটা।  কয়েকমাস আগে আবার আমাকে ধর্ষণ করে। আমি বিচার চাই। পুলিস জানিয়েছে, চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ