Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেড়াতে এসে কলকাতার যুবতীর মৃত্যু

বেড়াতে এসে কলকাতার যুবতীর মৃত্যু
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: দার্জিলিংয়ে বেড়াতে এসে অস্বাভাবিক মৃত্যু হল কলকাতার এক যুবতীর। নাম অঙ্কিতা ঘোষ (২৮)। দমদমে বাড়ি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সান্দাকফু থেকে ফেরার পথে টুংলুতে অসুস্থ হয়ে পড়েন। পরে মারা যান। গত তিনমাসে পাহাড়ে এনিয়ে মৃত্যু চার পর্যটকের। অধিকাংশই শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। 
Advertisement
দু’দিন আগে তিন বন্ধুর সঙ্গে আসেন অঙ্কিতা। রবিবার সান্দাকফুতে যান। মঙ্গলবার সন্ধ্যায় সেখান থেকে টংলুতে নেমে আসেন। টংলুর একটি হোটেলে ওঠেন। সেখানেই অঙ্কিতা অসুস্থ হয়ে পড়েন। বাথরুমে যাওয়ার পর তাঁর সাড়া মিলছিল না। এরপর অঙ্কিতাকে বাথরুমের মেঝে থেকে উদ্ধার করেন বন্ধুরা। প্রথমে সুখিয়াপোখরি ব্লক হাসপাতালে পরে দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান। বুধবার মৃতদেহ ময়নাতদন্ত হয়। প্রাথমিক তদন্তের পর জেলা পুলিস জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মৃত্যু, বলে মনে হচ্ছে। প্রসঙ্গত, নভেম্বর মাসেই পাহাড়ে দু’জন পর্যটকের মৃত্যু হল। অক্টোবর মাসেও একজনের মৃত্যু হয়েছিল। এমন ঘটনায় বিভিন্ন মহল উদ্বিগ্ন। ইতিমধ্যে প্রশাসন সান্দাকফু ভ্রমণকারী পর্যটকদের উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি জারি করেছে। সমতল থেকে সান্দাকফুর উচ্চতা ৩৬৫৭ মিটার। মার্চ-মে ও সেপ্টেম্বর-নভেম্বরে ট্রেকিংয়ের উপযুক্ত মরশুম। পর্যটকদের প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, ছাতা, রেনকোট, গরম পোশাক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। দার্জিলিংয়ের এসডিও রিচার্ড লেপচা বলেন, সান্দাকফুগামী পর্যটকদের জন্য অ্যাডভাইজারি জারি করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ