সংবাদদাতা, শিলিগুড়ি: রাতের অন্ধকারে নয়, সাতসকালে বাড়িতে ঢুকে এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুই যুবক। শুক্রবার এই ঘটনায় শিলিগুড়ি শহরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটে ২৩ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ লাগোয়া একটি বাড়িতে।
Advertisement
যূথিকা সাহা নামে ওই বধূর বাড়িতে মুদি দোকান রয়েছে। তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে উঠোন ঝাঁড়ু দিচ্ছিলাম। দুই যুবক এসে সিগারেট চায়। দোকান বন্ধ বলে তাদের না করে দিই। তারা অনুরোধ জানালে দোকানের ভিতর থেকে এক প্যাকেট সিগারেট এনে দিই। দাম মিটিয়ে তারা চলে যায়। কিছুক্ষণ বাদে ঘুরে এসে লাইটার চায়। তাদের বলি, স্নানে যাব এখন আর কিছু দেওয়া সম্ভব নয়। ওদের আকুতিমিনতিতে লাইটার দেওয়া হলে সিগারেট ধরিয়ে চলে যায়। কিছুক্ষণ বাদে ফের ওই দুই যুবক এসে বিস্কুট চায়। তখন বিরক্তির সঙ্গে বলি, মেয়েকে স্কুলে পাঠাতে হবে, ব্যস্ত রয়েছি আর কিছু দেওয়া সম্ভব নয়। ওই দুই যুবক বিস্কুট চাইতে বাড়ির ভিতর ঢুকে পড়ে। পরে হঠাৎ থাবা দিয়ে আমার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আমি চিৎকার করি। এক প্রতিবেশী প্রাতর্ভ্রমণ করছিলেন। তিনি দুই যুবককে ধরে ফেলেন। কিন্তু তাঁর হাত ফসকে ওই দুই যুবক স্কুটারে চেপে পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় কাউন্সিলার লক্ষ্মী পালের স্বামী তথা ওয়ার্ড কমিটির সদস্য বাবলু পাল ও শিলিগুড়ি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। বাবলুবাবু বলেন, পাড়ায় বহিরাগতদের আনাগোনা বাড়ার পাশাপাশি সম্প্রতি এলাকায় সন্ধ্যা হলেই কিছুক্ষণের জন্য লোডশেডিংও হচ্ছে। গোটা ঘটনা পুলিসকে জানানো হয়েছে। শিলিগুড়ি থানার এক পুলিস অফিসার জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত লিখিত অভিযোগ হয়নি। তবে এলাকার সিসি ক্যামেরার ফুটেজে মহিলার দেওয়া বিবরণ মতো দুই যুবককে দেখা গিয়েছে। অভিযোগ এলে তদন্তে নামা হবে।