Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বস্তিবাসীর জন্য স্বাস্থ্য শিবির পুরসভার

বস্তিবাসীর জন্য স্বাস্থ্য শিবির পুরসভার
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে রোগীর চাপ কমাতে এবং শহরের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রতিমাসে বস্তি এলাকায় বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করছে সাঁইথিয়া পুরসভা। শহরের বস্তি এলাকার বাসিন্দাদের নিয়মিত শারীরিক পরীক্ষা করা হয় এই শিবিরে। তাছাড়াও বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের জন্য শহরে চলছে চারটি সুস্বাস্থ্য কেন্দ্র। এছাড়াও সাঁইথিয়া শহরে রয়েছে স্টেট জেনারেল হাসপাতাল। এই হাসপাতালে সাঁইথিয়া সহ আশেপাশের গ্রামাঞ্চলের মানুষ চিকিৎসার জন্য আসেন। তাই হাসপাতালটির উপর ব্যাপক চাপ তৈরি হচ্ছিল। ফলে পরিষেবার ক্ষেত্রেও ঘাটতি থাকছিল। সেই কথা মাথায় রেখেই সাঁইথিয়া পুরসভার উদ্যোগে শহরে চারটি সুস্বাস্থ্য কেন্দ্র করা হয়েছে। এরমধ্যে পুর এলাকার ৭, ১২ এবং ১৫ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব বিল্ডিংয়ে চলছে চিকিৎসা পরিষেবা। ১০ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাড়িতে চলছে আরও একটি সুস্বাস্থ্য কেন্দ্র। পুরসভার সূত্রে জানা গিয়েছে, ১০ নম্বর ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্রটির জন্য শহরের ৯ নম্বর ওয়ার্ডে একটি বিল্ডিং তৈরি করা হচ্ছে। এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির ভবন নির্মাণে ৩৪ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে পুরসভা। ইতিমধ্যেই ৯ নম্বর ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্রের বিল্ডিংটির কাজ শেষের মুখে। বর্তমানে এই স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের জন্য ক্যানেলের পাশে একটি পাকা রাস্তাও করা হচ্ছে রোগীদের জন্য। এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সপ্তাহের সোম থেকে শনিবার নিয়মিত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। গুরুতর অসুস্থ রোগীরা চলে যান সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে। এতকিছুর পরেও সাঁইথিয়া পুরসভা নিজেদের উদ্যোগে শহরের বস্তি এলাকার দুঃস্থ মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্যশিবির করছে। অর্থাৎ দুঃস্থ মানুষরা ঘরের দুয়ারে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন বলে পুরসভার দাবি। বীরভূমের অন্যান্য পুরসভাগুলি থেকে পরিষেবা দানের ক্ষেত্রে নিজেদের অনেকখানি এগিয়ে রেখেছে সাঁইথিয়া। 
Advertisement
তবে অভিযোগ এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কিছু জায়গায় স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকের অভাব রয়েছে। পুরসভার দাবি, এই সুস্বাস্থ্য কেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনা করতে আরও একজন মেডিক্যাল অফিসার ও তিনজন নার্সের খুবই প্রয়োজন রয়েছে। এই ঘাটতি পূরণ হলে এইসব সুস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা উন্নত হবে। 
সাঁইথিয়া পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত বলেন, আমরা চাই সাঁইথিয়া শহরের মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা পাক। সেই লক্ষ্যে শহরে ইতিমধ্যেই চারটি সুস্বাস্থ্য কেন্দ্র চলছে। একটি ভবন নির্মাণ করা হচ্ছে। খুব শীঘ্রই সেটার কাজ শেষ হয়ে যাবে। এছাড়া প্রত্যেক মাসে শহরের প্রতিটি ওয়ার্ডের বস্তিবাসীদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে। এতে স্টেট জেনারেল হাসপাতালে যেমন চাপ কমেছে তেমনি শহরের বাসিন্দারাও স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হতে পারছেন।
সম্পর্কিত সংবাদ