সংবাদদাতা, বিষ্ণুপুর: বুধবার সকালে বিষ্ণুপুর শহরের বোলতলায় নিজেদের বাড়ির অদূরে গাড়ির ধাক্কায় এক ব্যবসায়ীর স্ত্রীর মৃত্যু হল। মৃতার নাম সরিতা সুরেকা(৫৪)। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সরিতাদেবী বাড়ির উল্টো দিকে রাস্তার ধারে ড্রেনে জখম অবস্থায় পড়েছিলেন। স্থানীয়দের নজরে আসায় তাঁরা পরিবারের লোকজনকে খবর দেন। তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে এদিন হাসপাতালে যান বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী।
Advertisement
মৃতার দেওর প্রবীণ সুরেকা বলেন, অন্যান্য দিনের মতো বউদি এদিন সকাল ৬টা নাগাদ বাড়ির ময়লা রাস্তার ধারে ডাস্টবিনে ফেলতে গিয়েছিলেন। পরে স্থানীয় একজন আমাদের খবর দেন। গিয়ে দেখি তিনি ড্রেনে জখম অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। শরীরে যেভাবে আঘাতের চিহ্ন রয়েছে, তাতে তাঁকে কোনও গাড়িতে ধাক্কা মেরে পালিয়েছে বলে আমাদের মনে হয়েছে। এনিয়ে পুলিসের কাছে অভিযোগ জানানো হয়েছে।
পুলিস জানিয়েছে, দুর্ঘটনাস্থানে সিসি ক্যামেরা নেই। পার্শ্ববর্তী এলাকায় থাকা ফুটেজ দেখে গাড়ি চিহ্নিত করার কাজ চলছে। মৃতদেহ ময়নাতদন্ত করানো হয়েছে।
পুলিস জানিয়েছে, দুর্ঘটনাস্থানে সিসি ক্যামেরা নেই। পার্শ্ববর্তী এলাকায় থাকা ফুটেজ দেখে গাড়ি চিহ্নিত করার কাজ চলছে। মৃতদেহ ময়নাতদন্ত করানো হয়েছে।



