Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুর শহরে ভাড়াবাড়ি থেকে প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বিষ্ণুপুর শহরে ভাড়াবাড়ি থেকে প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: সোমবার সকালে বিষ্ণুপুর শহরের ধুলাপাড়ায় ভাড়াবাড়ির উঠানে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম রজনীশ চৌহান। বাড়ি উত্তরপ্রদেশের মহম্মদপুরে। তিনি বিষ্ণুপুরের দ্বারিকায় একটি কারখানায় কাজ করতেন। বিষ্ণুপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ধুলাপাড়ায় একটি ভাড়াবাড়িতে থাকতেন। এদিন সকালে ভাড়াবাড়ির উঠানে তাঁর মৃতদেহ দেখতে পেয়ে বাড়ির মালিক থানায় খবর দেন। পুলিস এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।
Advertisement
পুলিস জানিয়েছে, রজনীশবাবুর মৃতদেহ ভাড়াবাড়ির উঠানে উপুড় হয়ে পড়েছিল। মৃতের বাড়িতে খবর পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। 
ভাড়াবাড়ির মালিকপক্ষের জ্যোৎস্না চট্টোপাধ্যায় বলেন, রজনীশবাবু প্রায় ১৫বছর ধরে আমাদের বাড়িতে একাই ভাড়া থাকতেন। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ তিনি কারখানা থেকে ফেরেন। তারপর নিজের ঘরেই ছিলেন। রাতে রান্নাও করেছেন। সকালে ঘুম থেকে উঠে দেখি উনি তাঁর রুমের বাইরে উঠানে উপুড় হয়ে পড়ে আছেন। ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় পরিবারের অন্যান্যদের ডাকি। পরে থানায় খবর দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ