Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে ফুড ফেস্টিভ্যালে থাকছে স্থানীয়দের টুসু গানের প্রতিযোগিতা

বিষ্ণুপুরে ফুড ফেস্টিভ্যালে থাকছে স্থানীয়দের টুসু গানের প্রতিযোগিতা
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরে এবারই প্রথম বিষ্ণুপুরে ফুড ফেস্টিভ্যাল হবে। ‘টেরাকোটার শহরে নানা স্বাদের আহারে’, এই থিমে খাদ্যমেলা সাজানো হবে। এছাড়াও বিষ্ণুপুরের লোক সংস্কৃতির অন্যতম টুসু গানের প্রতিযোগিতার মাধ্যমে ফেস্টিভ্যালকে অনন্য মাত্রা দেওয়া হবে। মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, ঐতিহাসিক রাসমঞ্চ সংলগ্ন গোশালার মাঠে নতুন বছরের ৮জানুয়ারি ওই খাদ্যমেলা শুরু হবে। চারদিন ধরে তা চলবে। প্রতিদিন দুপুর ২টো থেকে মেলা শুরু হবে। মেলার শেষ দিনে ১১জানুয়ারি টুসু গানের বিশেষ প্রতিযোগিতা হবে। 
Advertisement
বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বলেন, কিছুদিন আগেই বিষ্ণুপুরে পোড়ামাটির হাটে প্রথমবার পিঠে উৎসবের আয়োজন করা হয়েছিল। তাতে ব্যাপক সাড়া পড়েছিল। হাজার হাজার মানুষ তাতে অংশ নিয়েছিলেন। শুধু তাই নয়, একদিনেই লক্ষাধিক টাকার হরেক রকমের পিঠে বিক্রি হয়েছিল। তাতে উৎসাহিত হয়ে প্রথমবার ফুড ফেস্টিভ্যালর আয়োজন করা হয়েছে। তাতে পিঠে যেমন থাকবে, তেমনই বিভিন্ন স্বাদের খাবারের স্টল বসানো হবে। বিশেষ আকর্ষণ হিসেবে হবে টুসু গানের প্রতিযোগিতা। 
বিধায়ক বলেন, গোটা রাঢ় বাংলার লোকগান হিসেবে টুসুর খুব জনপ্রিয় ছিল। সন্ধ্যার পর থেকে গ্রামেগঞ্জে এবং শহরেও একমাস ধরে মহিলাদের টুসু গানের আওয়াজ পাওয়া যেত। বর্তমানে ক্রমশ তা হারাতে বসেছে। টুসু গানকে বাঁচিয়ে রাখতে শিল্পীদের মধ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেরা প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে। মেলা পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। 
কমিটি সূত্রে জানা গিয়েছে, মেলায় ৩০টি স্টল বসবে। সেখানে দেশি ও বিদেশি বিভিন্ন স্বাদের খাবার পাওয়া যাবে। মেলায় একটি মঞ্চ করা হবে। সেখানে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 
কিডস ফ্যাশন শো হবে। শেষদিনে একই মঞ্চে টুসু গানের প্রতিযোগিতা হবে। পুরনো ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটানো হবে। টুসু গানের প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীকে ১০হাজার টাকা, দ্বিতীয়কে সাতহাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীকেও আর্থিক পুরস্কার দেওয়া হবে।  
সম্পর্কিত সংবাদ