Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে ম্যাটাডোরের ধাক্কায় পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর ও তাঁর বন্ধুর মৃত্যু  

বিষ্ণুপুরে ম্যাটাডোরের ধাক্কায় পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর ও তাঁর বন্ধুর মৃত্যু
 
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: বুধবার বিকালে বিষ্ণুপুরের রাধানগরে ম্যাটাডোর ও বাইকের সংঘর্ষে পঞ্চায়েতের এক ট্যাক্স কালেক্টর সহ দু’জনের মৃত্যু হয়। মৃতদের নাম চিন্তামণি বন্দ্যোপাধ্যায়(৫০) ও অশোক রায়(৪৬)। চিন্তামণিবাবুর বাড়ি অযোধ্যা গ্রামে। অশোকবাবুর বাড়ি স্থানীয় মুচডাঙা গ্রামে। চিন্তামণিবাবু অযোধ্যা গ্রামপঞ্চায়েতে ট্যাক্স কালেক্টরের কাজ করতেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে দু’জনে একটি বাইকে সোনামুখী যাচ্ছিলেন। রাধানগরে হরিণমুড়ি খালের কাছে উল্টো দিক থেকে আসা একটি ম্যাটাডোরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাঁরা রাস্তায় ছিটকে পড়েন। খবর পেয়ে পুলিস আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্ত করানো হবে। ঘাতক ম্যাটাডোরের খোঁজ চলছে। 
Advertisement
অশোকবাবুর দাদা নাড়ু রায় বলেন, ভাই এদিন দরকারি কাজে মোটর সাইকেলে করে সোনামুখী যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। অযোধ্যায় গিয়ে চিন্তামণিকে সঙ্গে নেয়। পরে শুনলাম হরিণমুড়ি খালের কাছে দুর্ঘটনা ঘটেছে। সংসারে সে একমাত্র রোজগেরে ছিল। বাড়িতে তার স্ত্রী ছাড়াও এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জানা গিয়েছে, অশোকবাবু চাষবাসের পাশাপাশি জমি জায়গা কেনাবেচার কাজ করতেন। তাঁর সঙ্গে চিন্তামণিবাবুর ভালো সখ্যতা ছিল। তাঁরা দু’জনে একত্রে বিভিন্ন জায়গা যেতেন। এদিনও দু’জনে সোনামুখীর উদ্দেশে বেরিয়েছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়েন। অযোধ্যা গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান গুরুদাস বন্দ্যোপাধ্যায় বলেন, চিন্তামণির বাবা আগে পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর ছিলেন। তাঁর মৃত্যুর পর থেকে চিন্তামণি ওই কাজ করছিলেন। বাড়িতে তাঁর শয্যাশায়ী মা ও একজন প্রতিবন্ধী বোন রয়েছেন।
সম্পর্কিত সংবাদ