Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুর মেলায় আদিবাসী ফ্যাশন শো’তে অংশ নেবেন মন্ত্রী জ্যোৎস্না

বিষ্ণুপুর মেলায় আদিবাসী ফ্যাশন শো’তে অংশ নেবেন মন্ত্রী জ্যোৎস্না
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: এবারই প্রথম আদিবাসী ফ্যাশন শো অনুষ্ঠিত হবে বিষ্ণুপুর মেলায়। মেলার দ্বিতীয়দিন সন্ধ্যায় রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির নেতৃত্বে ৬০জন পুরুষ ও মহিলা ফ্যাশন শোয়ে অংশ নেবেন। মেলা কমিটি জানিয়েছে, আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক তুলে ধরতেই এই অভিনব শোয়ের আয়োজন করা হয়েছে। আদিবাসীদের মধ্যে প্রচলিত শাড়ি ও অন্য পোশাকের পাশাপাশি গামছা শাড়ি ও সালোয়ার-কামিজের উপর ভিত্তি করে ফ্যাশন শো হবে।
Advertisement
মন্ত্রী বলেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিভিন্ন অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাক পরে নাচগান করে থাকেন। বিষ্ণুপুর মেলায় তাঁদের পোশাকের ঐতিহ্য তুলে ধরতেই ফ্যাশন শো আয়োজন করা হচ্ছে। আমি নিজে ওই শোতে অংশ নেব। 
মেলা কমিটির সভাপতি তথা বিষ্ণুপুরের মহকুমাশাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, ৩৭তম মেলায় হস্তশিল্প ও জেলার সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আদিবাসী সংস্কৃতির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাকের উপর ফ্যাশন শো আয়োজিত হয়েছে।
ফ্যাশন শোয়ের দায়িত্বপ্রাপ্ত ডিজাইনার বিকাশ কুম্ভকার বলেন, ৬০জন মডেল এতে অংশ নেবেন। তার মধ্যে ৪০জনই আদিবাসী সম্প্রদায়ের। রা঩জ্যের মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডিও অংশ নিচ্ছেন। প্রচলিত শাড়ির পাশাপাশি আদিবাসীদের পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে ছয় ধরনের পোশাক তৈরি করা হচ্ছে। ১০জনের এক-একটি দল থাকবে। প্রতিটি দল একই ধরনের পোশাক পরবে। রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছর ২৩ ডিসেম্বর থেকে বিষ্ণুপুরে হস্তশিল্প মেলা হয়। কয়েকবছর ধরে একইসঙ্গে সবলামেলাও হচ্ছে। তাই আগে পাঁচদিনের মেলা হলেও এখন সাতদিন ধরে মেলা চলে। বিষ্ণুপুর হাইস্কুল ও কেজি কলেজের মোট তিনটি মাঠে মেলা হবে। সেখানে থাকবে ২০০’র বেশি স্টল। বিভিন্ন জেলার হস্তশিল্পীরা আসবেন। তবে এই জেলার সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হবে। মেলার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ১১ডিসেম্বর থেকে অডিশন পর্ব চলবে। এবারই প্রথম এই মেলায় আদিবাসীদের ফ্যাশন শো হবে। ইতিমধ্যে শহরের গ্রামীণ হাটে অডিশনের মাধ্যমে ৬০জন মডেলকে বাছাই করা হয়েছে। আদিবাসী ফ্যাশন শো বিষ্ণুপুর মেলায় আসা দর্শকদের ভালো লাগবে বলে উদ্যোক্তারা আশাবাদী।
সম্পর্কিত সংবাদ