Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুর মেলায় ৭ কোটি টাকার বিক্রি, খুশি শিল্পীরা

বিষ্ণুপুর মেলায় ৭ কোটি টাকার বিক্রি, খুশি শিল্পীরা
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর মেলায় প্রায় ৭কোটি টাকার কেনাবেচা হয়েছে। যা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। দূরদূরান্ত থেকে মেলায় এসে বিক্রি ভালো হওয়ায় হস্তশিল্পী এবং অন্যান্য ব্যবসায়ীরা ভীষণ খুশি হয়েছেন। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার তিনটি মেলা একযোগে হওয়ার কারণে সরকারি স্টলের সংখ্যা বেশি ছিল। স্বাভাবিক কারণেই এবার বেশি সংখ্যক শিল্পী স্টল পেয়েছিলেন। বাঁকুড়া ছাড়াও নদীয়া, হুগলি, মুর্শিদাবাদ, পুরুলিয়া প্রভৃতি জেলা থেকে শিল্পীরা মেলায় তাঁদের শিল্প সামগ্রী নিয়ে আসেন। সাতদিনের মেলায় ভালো বিক্রি হওয়ায় তাঁরা বেশ খুশি মনে বাড়ি ফিরছেন। উল্লেখযোগ্যভাবে এবার সরকারি পিঠের স্টলগুলিতে আশাতীত বিক্রি হয়েছে।  
Advertisement
মেলা কমিটির সচিব তথা বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, বিষ্ণুপুর মেলায় এবার ২৬৮টি সরকারি স্টল ছিল। দু’জন করে শিল্পী ছিলেন। ভালো বিক্রি হওয়ায় তাঁরা খুশি হয়েছেন। মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর হাইস্কুল ও কেজি কলেজের মোট তিনটি মাঠ ছাড়াও লাগোয়া রাসমঞ্চের দিকে আরও একটি ছোট মাঠে মেলার আয়োজন করা হয়েছিল। তার মধ্যে তিন মাঠে সরকারি বিভিন্ন দপ্তরের তরফে স্টল বসানো হয়। একটি বড় মাঠে বেসরকারি পাঁচ শতাধিক স্টল বসে। ২৩ডিসেম্বর মেলা শুরু হয়। ২৯ডিসেম্বর তা শেষ হয়। ২৫ থেকে ২৭ডিসেম্বর মেলায় ভিড় উপচে পড়ে। রবিবার মেলার শেষ দিনেও ভালো বিক্রি হয়েছে। মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, সাত দিনে সরকারি ও বেসরকারি মিলিয়ে মেলায় মোট ৬কোটি ৮০লক্ষ ২৫হাজার টাকার বিক্রি হয়েছে। তার মধ্যে বাঁকুড়া জেলা শিল্প কেন্দ্রের স্টলে ৮৫লক্ষ টাকা, স্বনির্ভর গোষ্ঠীর স্টলে ৩৩লক্ষ ২১হাজার টাকা, খাদি ও শিল্পোদ্যোগ বিভাগের স্টলে ২০লক্ষ ৩হাজার টাকা, পোড়ামাটির হাটের স্টলে ১৭লক্ষ ৯৩হাজার টাকা, রেশম দপ্তরের স্টলে ৯লক্ষ ১১হাজার টাকা এবং অন্যান্য জেলার জন্য বরাদ্দ সরকারি বিভিন্ন স্টলে ৩৭লক্ষ ৮৮হাজার এবং বেসরকারি স্টলে ৪কোটি ৭৭লক্ষ ৮হাজার টাকার খাদ্য ও অন্যান্য জিনিসপত্র বিক্রি হয়েছে।
সম্পর্কিত সংবাদ