সংবাদদাতা, বিষ্ণুপুর: শুক্রবার সকালে বিষ্ণুপুরের অবন্তিকায় লরির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়। মৃতের নাম আদিত্য সেবাইত(৮৩)। তাঁর বাড়ি স্থানীয় রেওড়া গ্রামে। পুলিস জানিয়েছে, এদিন সকালে আদিত্যবাবু সাইকেলে বিষ্ণুপুর শহরে সব্জি বিক্রি করতে আসছিলেন। অবন্তিকায় মেন রাস্তায় উঠতেই বিষ্ণুপুরের দিক থেকে আসা একটি লরি তাঁকে ধাক্কা মারে। তাতে আদিত্যবাবু সাইকেল নিয়ে রাস্তার ধারে ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্ত করানো হয়। পুলিস ঘাতক লরিটি আটক করেছে। তবে চালক পলাতক।



