Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে কনেযাত্রীর বাসে ছিনতাইয়ের ঘটনা,  দুই মূল পান্ডা পুলিসের জালে

বিষ্ণুপুরে কনেযাত্রীর বাসে ছিনতাইয়ের ঘটনা,  দুই মূল পান্ডা পুলিসের জালে
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: তেলেঙ্গানায় গিয়ে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না। বিষ্ণুপুরের ঢেঙাশোলের জঙ্গলে কনেযাত্রী বোঝাই বাসে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুই পান্ডাকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম আয়সুর মল্লিক ওরফে আদম এবং জহুর মণ্ডল ওরফে জলিল। দু’জনের বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার ছোট আঙারিয়ায়। ঘটনার প্রায় এক মাস পর তেলেঙ্গানা থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে। মঙ্গলবার ধৃতদের বিষ্ণুপুর আদালতে তোলা হলে পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
Advertisement
বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিস সুপার (অপারেশন) মকসুদ হাসান মঙ্গলবার বিষ্ণুপুর থানায় সাংবাদিক সম্মেলন করে গোটা ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনায় যুক্ত তিনজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু, সঙ্গীরা ধরা পড়তেই মূল দুই অভিযুক্ত আয়সুর ও জহুর গা ঢাকা দেয়। তারা তেলেঙ্গানা পালিয়ে যায়। সেখানে রংমিস্ত্রির কাজ করছিল। সেই খবর জানতে পারার পরই একটি দলকে সেখানে পাঠানো হয়। তাদের দু’জনকেই গ্রেপ্তার করে সেখানকার আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে বিষ্ণুপুরে নিয়ে আসা হয়। ধৃতদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জেরা করে ছিনতাই হওয়া সোনার গয়না ও টাকা উদ্ধার করা হবে।      
উল্লেখ্য, গত বছরের ৩০নভেম্বর বাঁকুড়ার ইন্দাস থেকে তালডাংরার শালতোড়া-মুড়াকাটি গ্রামে কনেযাত্রীদের একটি বাস এসেছিল। যাত্রীরা খাওয়া দাওয়া করে রাত ১টা নাগাদ ফিরছিলেন। বিষ্ণুপুরের ঢেঙাশোলের জঙ্গলে রাস্তায় একটি আকাশমণি গাছ কেটে ফেলে দুষ্কৃতীরা বাসটিকে আটক করে। বাস চালকের কাছে থাকা ৩০ হাজার টাকা, কনেযাত্রীদের নগদ টাকা এবং মহিলা যাত্রীদের সোনা ও সিটি গোল্ডের গয়না তারা ছিনতাই করে। এছাড়া ওই রাস্তায় আসা এক ডাম্পারের চালকের কাছ থেকে ১২হাজার টাকা নিয়ে তারা চম্পট দেয়। খবর পেয়ে বিষ্ণুপুর থানা ও আমডাংরা ফাঁড়ির পুলিস এলাকার বিভিন্ন জঙ্গলে তল্লাশি চালায়। ঘটনায় তদন্তে নেমে পরের দিনই  পুলিস ওন্দার পুনিশোল থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পরে গড়বেতা থানার ছোট আঙারিয়া এবং তালডাংরার রাজপুর থেকে আরও দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের জেরা করে জানা যায়, ওই দলের মূল পান্ডা আয়সুর ও জহুর। এরপরেই পুলিস তাদের খোঁজ শুরু করে। 
পুলিস গোপন সূত্রে জানতে পারে, তারা তেলেঙ্গানায় গা ঢাকা দিয়েছে। সেই মতো ওই মামলার তদন্তকারী অফিসার বাহাদুর লায়েক একটি দল নিয়ে তেলেঙ্গানা রওনা দেন। দুষ্কৃতীরা তেলেঙ্গানার রাঙারেড্ডি জেলার নরসিংহ থানা এলাকায় একটি নির্মীয়মাণ বাড়িতে রঙের কাজ করছিল। সেখান থেকে দু’জনকেই গ্রেপ্তার করে সোমবার রাতে বিষ্ণুপুরে আনা হয়।
সম্পর্কিত সংবাদ