Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুর হাইস্কুলে চালু হতে চলেছে ইংলিশ মিডিয়াম

বিষ্ণুপুর হাইস্কুলে চালু হতে চলেছে ইংলিশ মিডিয়াম
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর হাইস্কুলে ইংলিশ মিডিয়াম চালুর বিষয়ে স্কুল শিক্ষাদপ্তরের জয়েন্ট ডিরেক্টরের চিঠি প্রকাশ্যে আসতেই শহরজুড়ে খুশির জোয়ার বইছে। জানা গিয়েছে, ইংলিশ মিডিয়াম চালুর জন্য বিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে স্কুল শিক্ষা বিভাগের কমিশনার দপ্তরের জয়েন্ট ডিরেক্টরের কাছে চিঠি পাঠান। তার পরিপ্রেক্ষিতেই জয়েন্ট ডিরেক্টর শিক্ষাদপ্তরের অতিরিক্ত সচিবকে এব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য বৃহস্পতিবার চিঠি দেন। চিঠির প্রতিলিপি স্কুল কর্তৃপক্ষ এবং বাঁকুড়ার ডিআইকেও পাঠানো হয়। ওইদিনই রাতে তা প্রকাশ্যে আসে। তা জানাজানি হতেই শহরে খুশির হাওয়া বইছে। বাঁকুড়ার ডিআই (মাধ্যমিক) পীযূষকান্তি বেরা বলেন, বিষ্ণুপুর হাইস্কুলে ইংলিশ মিডিয়াম চালুর বিষয়ে উচ্চপদস্থ আধিকারিকদের চিঠি পেয়েছি। তবে চূড়ান্ত অনুমোদন এখনও আসেনি। 
Advertisement
বিষ্ণুপুর হাইস্কুলের প্রধান শিক্ষক জীবনানন্দ মুখোপাধ্যায় বলেন, বিদ্যালয়ে ইংলিশ মিডিয়াম চালুর ব্যাপারে কয়েক মাস আগে শিক্ষাদপ্তরে চিঠি পাঠানো হয়েছিল। তাতে দপ্তরের কমিশনার সুপারিশ করে সচিব পর্যায়ে চিঠি দিয়েছেন। আশা করছি এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত অনুমোদন চলে আসবে। চিঠি পাওয়ার পরেই স্কুল পরিচালনার বিষয়ে ডিআইয়ের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে। আপাতত দশম শ্রেণি পর্যন্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের দিয়ে ক্লাস করানো হবে। পরবর্তীকালে ওই বিভাগের জন্য শিক্ষক চাওয়া হবে।
বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বলেন, বিষ্ণুপুর হাইস্কুলে ইংলিশ মিডিয়াম চালুর জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে বিশেষ তদ্বির করা হয়েছিল। তিনি তাতে সাড়া দিয়েছেন। যুগের সঙ্গে তাল মেলাতে বিষ্ণুপুর শহর ও পাশের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের অনেকেই তাঁদের ছেলেমেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াশুনা করাতে চান। কিন্তু, শহরে কয়েকটি বেসরকারি স্কুল থাকলেও সরকারিভাবে সেই সুযোগ নেই। খরচের কারণে অভিভাবকদের স্বপ্ন পূরণ হচ্ছে না। এবার তা পূরণ হবে। বিনামূল্যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাতে পারবেন। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি দেবব্রত ঘোষ বলেন, সত্যিই খুব আনন্দের খবর। সাধারণ মানুষের জন্য আমাদের ভাবনা বাস্তবায়িত হচ্ছে। এটা ভেবেই আমি ভীষণ খুশি। 
১৮৭৯সালে স্থাপিত হয় বিষ্ণুপুর হাইস্কুল। শহরের অন্যতম জনপ্রিয় ওই সরকারি স্কুলে বর্তমানে বাংলা মাধ্যমে উচ্চমাধ্যমিকস্তর পর্যন্ত কলা, বিজ্ঞান ও বাণিজ্যিক বিভাগে পড়াশোনা হয়। মাধ্যমিকস্তর পর্যন্ত কেবল ছাত্রদের পড়ানো হলেও উচ্চমাধ্যমিকস্তরে ছাত্র ও ছাত্রী উভয়েই পড়াশোনা করে। বিষ্ণুপুর শহর ছাড়াও আশেপাশের গ্রামের ছেলেমেয়েরাও ওই স্কুলে পড়তে আসে। পরবর্তীকালে শহরে বেশকিছু ইংলিশ মিডিয়াম স্কুল গজিয়ে ওঠে। কিন্তু, খরচের কারণে ইচ্ছা থাকলেও অনেক অভিভাবক সেখানে ভর্তি করতে পারেন না। তাই বিষ্ণুপুর হাইস্কুলে ইংলিশ মিডিয়াম বিভাগ চালুর দাবি ওঠে। সেই স্বপ্ন পূরণের আশা দেখা গিয়েছে শিক্ষাদপ্তরের চিঠিতে।
সম্পর্কিত সংবাদ