Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে একসঙ্গে ৩টি মেলা, বাজেট দেড় কোটি

বিষ্ণুপুরে একসঙ্গে ৩টি মেলা, বাজেট দেড় কোটি
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরে এবার দেড় কোটি টাকা বাজেটে একযোগে তিনটি মেলা আয়োজিত হচ্ছে। কয়েকবছর ধরেই বিষ্ণুপুর মেলার সঙ্গে একযোগে জেলা সবলা মেলা হচ্ছে। এবার তার সঙ্গে আরও একটি মেলা যুক্ত হল। জেলা সৃষ্টিশ্রী মেলাও বিষ্ণুপুর মেলার সঙ্গেই চলবে। সরকারি পৃষ্ঠপোষকতায় আয়োজিত ৩৭তম মেলার থিম ‘যামিনী রায়’। ওই বিখ্যাত চিত্রশিল্পীর শিল্পকলার ছবি দিয়ে মেলার প্রধান গেট সাজিয়ে তোলা হবে।
Advertisement
এমাসের ২৩ তারিখ মেলা আরম্ভ হয়ে একটানা ২৯তারিখ পর্যন্ত চলবে। বিষ্ণুপুর হাইস্কুল ও কেজি কলেজের মোট তিনটি মাঠে জোরকদমে মেলার প্রস্তুতি চলছে।
মেলা কমিটির সচিব তথা বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, গত বছর মেলার বাজেট এক কোটির কিছু বেশি ছিল। এবার তা দেড় কোটি ছাড়িয়ে যাবে। কারণ, বিষ্ণুপুর হস্তশিল্পী মেলা, সবলা মেলা ও সৃষ্টিশ্রী মেলা একযোগে সাতদিন ধরে চলবে। মেলায় সরকারিভাবে ২৪০টি স্টল থাকবে। প্রতি স্টলে দু’জন করে শিল্পী তাঁদের শিল্পকর্ম নিয়ে বসতে পারবেন। রবিবার পোড়ামাটির হাটে পিঠেপুলি উৎসব হবে। সেখানেই মেলার নির্ঘণ্ট ও শিল্পীদের তালিকা প্রকাশ করা হবে।
বিষ্ণুপুর হস্তশিল্প মেলা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়। কিন্তু দিনদিন মেলার খরচ বাড়তে থাকায় প্রশাসনিক আধিকারিকরা চিন্তায় পড়েছিলেন। সেসময় বাঁকুড়া সদর শহরে জেলা সবলা মেলা হতো। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের তরফে সবলা মেলার জন্য ১২ লক্ষ টাকা করে বরাদ্দ হয়। সাতদিন ধরে ওই মেলা চলত। বিষ্ণুপুর মেলার খরচ বাঁচাতে সবলা মেলাকে বিষ্ণুপুরে এনে ওই মেলার সঙ্গে যুক্ত করা হয়। ওই সময় থেকেই বিষ্ণুপুর মেলা পাঁচদিনের বদলে টানা সাতদিন ধরে হচ্ছে। এবার সৃষ্টিশ্রী মেলাকেও তার সঙ্গে যুক্ত করা হয়েছে। ওই মেলার জন্য ২৫লক্ষ টাকা বরাদ্দ রয়েছে।
তিনটি মেলা একযোগে হওয়ায় স্টলের সংখ্যাও আগের চেয়ে বাড়ছে। তিনটি মেলার জন্য বরাদ্দ টাকা একযোগে খরচ হবে। ফলে মেলার বাজেট দেড় কোটি ছাড়িয়ে যাবে। এমনটাই জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।
মেলা কমিটির আধিকারিকরা জানান, হস্তশিল্প, সবলা ও সৃষ্টিশ্রী মেলার লক্ষ্য একই। তা হল স্বনির্ভর গোষ্ঠী ও শিল্পীদের তৈরি হস্তশিল্পের প্রসার ঘটানো। সেইসঙ্গে জেলার সংস্কৃতিকে তুলে ধরা। এবার তিনটি মেলা একসঙ্গে যুক্ত করায় খরচের চিন্তা কমেছে। বেশ জাঁকজমকের সঙ্গে মেলা আয়োজন করা যাবে।
সম্পর্কিত সংবাদ