Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে দুই পিকনিক পার্টির মারপিট, ধৃত ৪

বিষ্ণুপুরে দুই পিকনিক পার্টির মারপিট, ধৃত ৪
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: খাবার কেড়ে নেওয়া নিয়ে বুধবার সন্ধ্যায় বিষ্ণুপুরের অযোধ্যা গ্রামে দুই পিকনিক পার্টির সদস্যদের মধ্যে মারপিট বাধে। তা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অশান্তি থামাতে গেলে পুলিসকেও হেনস্তা করা হয়। ঘটনায় চার যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম অজয় বাউরি, সন্ন্যাসী বাউরি, সুজয় বাউরি ও মৃত্যুঞ্জয় বাউরি। তাদের প্রত্যেকেরই বাড়ি অযোধ্যা গ্রামের নামোপাড়ায়। পুলিস জানিয়েছে, ধৃতরা মদ্যপ অবস্থায় মারপিটে জড়িয়ে পড়েছিল। থামাতে গেলে ধৃতরা পুলিসের উপর চড়াও হয়। পুলিসকে হেনস্তা করা হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ১ জানুয়ারি উপলক্ষে অযোধ্যা গ্রামের মুরলিগঞ্জ ডিহিতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে ১০-১২টি দল পিকনিক করতে আসে। একইভাবে অযোধ্যা গ্রামের নামোপাড়া থেকে দু’টি দল সেখানে যায়। তারা ডিজে বাজিয়ে নাচ গান করছিল। বিকালের দিকে একে অপরের খাবার কেড়ে নেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তারা মারপিটে জড়িয়ে পড়ে। পিকনিক স্পট হওয়ায় নজরদারি চালানোর জন্য ওইদিন আগে থেকেই সেখানে সিভিক ভলান্টিয়ার নিযুক্ত করা হয়েছিল। মারপিট দেখে তাঁরা ছাড়াতে গেলে তাঁদের উপর পিকনিক পার্টির সদস্যরা চড়াও হয়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে রাধানগর ফাঁড়ি থেকে পুলিসকর্মীরা আসেন। তাঁদেরকেও হেনস্তা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিস বলপ্রয়োগ করে। তখন হাঁড়ি কড়াই ছেড়ে অনেকেই দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে প্রথমে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। 
সম্পর্কিত সংবাদ