Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে চোরাই সামগ্রী মজুত করে কারবার, গ্রেপ্তার যুবক

বিষ্ণুপুরে চোরাই সামগ্রী মজুত করে কারবার, গ্রেপ্তার যুবক
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর শহরের প্রায় কেন্দ্রস্থলে চোরাই সামগ্রীর স্টক পয়েন্ট? হ্যাঁ, এমনই অভিযোগে জয়পুর থানার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত নিখিলকুমার গুপ্তার বাড়ি এই শহরের কবরডাঙায়। পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে মোবাইল টাওয়ারের চোরাই যন্ত্রাংশ দুষ্কৃতীদের থেকে কিনে মজুত করা ও পরে তা কারবারিদের মাধ্যমে বাইরে পাচারের অভিযোগ রয়েছে। বুধবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, কিছুদিন আগে জয়পুরের জঙ্গলের রাস্তায় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান আটক করা হয়। তাতে তল্লাশি চালিয়ে মোবাইল টাওয়ারের চোরাই যন্ত্রাংশ সহ অন্য সরঞ্জাম পাওয়া যায়। ভ্যানে থাকা চার দুষ্কৃতীকে পুলিস গ্রেপ্তার করে। তাদের জেরা করে পুলিস জানতে পারে, ওন্দার পুনিশোল ও বিষ্ণুপুরের কবরডাঙার গোডাউন থেকে চোরাই মাল কিনে তারা হাওড়ায় পাচার করছিল। সেইমতো জয়পুর থানার পুলিস মঙ্গলবার কবরডাঙায় হানা দেয়। চোরাই কারবারে যুক্ত থাকার অভিযোগে নিখিলকে গ্রেপ্তার করা হয়। 
Advertisement
বাঁকুড়া জেলাজুড়ে বেশ কিছুদিন ধরে মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ চুরির অভিযোগ আসছিল। জেলার বিভিন্ন থানায় এব্যাপারে অভিযোগও দায়ের হয়। কিন্তু চোরাই মালের হদিস পাওয়া যাচ্ছিল না। অবশেষে জয়পুর থানার পুলিস জঙ্গলের রাস্তায় নাকা চেকিংয়ের সময় এই চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করে। তাদের জেরা করেই পুলিস চক্রের কাজকর্ম সম্পর্কে অবহিত হয়।
পুলিস সূত্রের খবর, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ চুরি করে দুষ্কৃতীরা পুনিশোল ও বিষ্ণুপুরের দুই কারবারিকে বিক্রি করত। আবার অনেকে সেখান থেকে চোরাই মাল কিনে কলকাতা, হাওড়া সহ নানা জায়গায় পাচার করত। তবে স্টক পয়েন্টের কারবারি সহ বেশ কয়েকজন সদস্য ধরা পড়ায় ওই চক্রটির কারবার বন্ধ করা গিয়েছে বলে পুলিস মনে করছে।
সম্পর্কিত সংবাদ