সংবাদদাতা, বিষ্ণুপুর: দু’টি বাসের রেষারেষি। আর তার জেরে শনিবার সকালে বিষ্ণুপুরের এমআইটি মোড় এলাকায় সাউন্ড বক্স বোঝাই একটি মোটরভ্যানকে ধাক্কা মেরে জঙ্গলে ফেলে দিল যাত্রীবাহী একটি বাস। ঘটনায় ভ্যানের চালক সহ দু’জন জখম হন। পুলিস তাঁদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। যাত্রীবাহী বাসটি ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। ফলে বিষ্ণুপুর-আরামবাগ রাস্তায় বেশ কিছুক্ষণ যানজট হয়। পরে পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিস জানিয়েছে, এমআইটি মোড়ে বাসের ধাক্কায় একটি মোটরভ্যান উলটে যায়। তাতে দু’জন জখম হয়েছেন। ধাক্কা মারা বাসের চালককে সতর্ক করা হয়েছে।
Advertisement
এদিন বিষ্ণুপুর হাসপাতালে চিকিৎসাধীন জখম সৌরভ লোহার বলেন, বিষ্ণুপুরের পানশিউলি গ্রামে একটি পুজোয় আমরা সাউন্ড বক্স নিয়ে যাচ্ছিলাম। পিছনে বাস আসছে দেখে চালক ভ্যানটি রাস্তার বাম দিক দিয়েই নিয়ে যাচ্ছিল। অন্য একটি বাসকে পাশ কাটিয়ে চালাতে গিয়ে আর একটি বাস আমাদের ভ্যানে ধাক্কা মারে। তাতে আমরা জঙ্গলের মধ্যে ছিটকে পড়ি। স্থানীয়রা বলেন, দু’টি বাস রেষারেষি করে দ্রুত গতিতে আসার জন্যই দুর্ঘটনা।



