Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে বালিকাকে যৌন নির্যাতন, গ্রেপ্তার অভিযুক্ত

বিষ্ণুপুরে বালিকাকে যৌন নির্যাতন, গ্রেপ্তার অভিযুক্ত
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: দুর্গাপুজোর সপ্তমীতে যৌন নির্যাতনের শিকার হয়ে আতঙ্কে সিঁটিয়ে যায় ৯ বছরের এক বালিকা। এক মাস মাস পর কিছুটা স্বাভাবিক হয়ে মুখ খুলতেই পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করল। ধৃতের নাম হারু দত্ত। তার বাড়ি ইন্দাস থানা এলাকায়। পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর সপ্তমীর দিন ইন্দাস থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। ওইদিন সন্ধ্যায় বেলুন কিনে দেওয়ার নাম করে শিশুটিকে নির্জন জায়গায় ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে বালিকাটি অসুস্থ হয়ে পড়লেও সে ভয়ে সিঁটিয়ে থাকায় এনিয়ে মুখ খোলেনি। পরিবারের লোকেরা বালিকার চিকিৎসা করাতে নিয়ে গেলে যৌন নির্যাতনের বিষয়টি জানা যায়। কিন্তু, অভিভাবকরা বারবার অভিযুক্তের নাম জিজ্ঞাসা করলেও ভয়ে সে কিছু বলেনি। এমনকী গত একমাস ধরে বালিকাটি কথা বলাও কার্যত বন্ধ করে দেয়। বাড়ির লোকেরা অবশ্য হাল ছাড়েনি।  
ক্রমাগত তাকে সাহস জোগানোর পর একটু স্বাভাবিক হতেই সে কয়েকদিন আগে অভিযুক্তের নাম বলে দেয়। এরপরেই পুলিস অভিযুক্তকে হন্যে হয়ে খোঁজ চালায়। তবে অভিযুক্ত পালিয়ে যাওয়ায় ধরা যাচ্ছিল না। অবশেষে বুধবার রাতে তাকে আরামবাগ থেকে পুলিস গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
সম্পর্কিত সংবাদ