সংবাদদাতা, কালিয়াচক: দু’টি জায়গায় চুরি দু’জনের। তাদের গ্রেপ্তার করেছে বৈষ্ণবনগর নগর থানার পুলিস। ধৃতরা হল ইশা খান ও সোলেমান শেখ। ইশা কালিয়াচক থানা এলাকার খাস চাঁদপুরের বাসিন্দা এবং সোলেমান থাকে বৈষ্ণবনগর থানার চকসেহেরদি গ্রামের ভাদুটোলায়।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইশা বৃহস্পতিবার সন্ধ্যায় বাসে চেপে যাচ্ছিলেন। ভিড় থাকায় অনেকে দাঁড়িয়ে ছিলেন। সেই সুযোগে এক বাসযাত্রীর পিছনের পকেট কেটে ১১০০ টাকা বের করে ইশা। ওই বাসযাত্রী বিষয়টি টের পেতেই তার হাত চেপে ধরেন। এই বিষয়টি বৈষ্ণবনগর থানায় জানানো হলে ইশাকে পুলিস বাস থেকেই গ্রেপ্তার করে। অন্যদিকে বৈষ্ণবনগরের ফুটানি ডাঙা এলাকায় মাদকের টাকা জোগাড়ের জন্য একটি ছাগল চুরি করতে যায় সোলেমান। ছাগলটি নিয়ে হেঁটেই পালাচ্ছিল সে। সেই সময় স্থানীয়রা তার অস্বাভাবিক আচরণ দেখে আটক করেন। তখন ছাগল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সোলেমান। তাকে আটকে রেখে বৈষ্ণবনগর থানায় খবর দেওয়া হলে পুলিস ফুটানি ডাঙ্গা এলাকায় গিয়ে গ্রেপ্তার করে। সোলেমান চুরির বিষয়টি স্বীকার করলেও ইশা পকেটমারির কথা মানতে চায়নি। ইশার বক্তব্য, আমি বাসে যাচ্ছিলাম। দেখি বাসের মধ্যে কিছু টাকা পড়ে রয়েছে। টাকাগুলি তুলতেই আমাকে একজন ধরে ফেলে। সে জোর করে চোর সাজাচ্ছিল। আমি নিয়মিত ব্রাউন সুগার নিলেও নিজের টাকাতেই কিনি। পুলিস জানিয়েছে, দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।



