Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বৈষ্ণবদের সমাধি উচ্ছেদের অভিযোগে বিজেপির বিক্ষোভ

বৈষ্ণবদের সমাধি উচ্ছেদের অভিযোগে বিজেপির বিক্ষোভ
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণবদের সমাধি উচ্ছেদ করে আবর্জনার ট্যাঙ্কি তৈরির অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করল বিজেপি। বৃহস্পতিবার তারা মিছিলের পাশাপাশি নির্মাণকাজের জায়গায় বসে বিক্ষোভ দেখায়। প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভের পর বিজেপি কর্মীরা ওই জায়গায় মাটি ফেলে কিছুটা গর্ত বুজিয়ে ফিরে যায়।
Advertisement
রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পাণ্ডে বলেন, ওটা পিএইচই’র কাজ। তবে ওখানে কোনও আবর্জনার ট্যাঙ্কি তৈরি হচ্ছে না। সমাধিও নষ্ট করা হচ্ছে না। মিথ্যা প্রচার করা হচ্ছে। পুলিসকে ব্যবস্থা নিতে বলেছি। ওখানে জল জমিয়ে পরে পরিশোধনের জন্য প্ল্যান্টে পাঠানো হবে।
দ্বারকা নদের দূষণ রোধে টিআরডিএ বৈদ্যুতিক চুল্লি তৈরির পাশাপাশি সহ নদের দু’ধার সুন্দর করে সাজিয়ে তুলেছে। সেইসঙ্গে লজ, হোটেল থেকে নোংরা জল যাতে নদে না মেশে, সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২০ সালে তরল বর্জ্য পরিশোধনের জন্য প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি শুরু করে পিএইচই। এজন্য তারাপীঠের বিভিন্ন এলাকায় একাধিক গর্ত করে চৌবাচ্চা করা হয়। সেখানে লজ, হোটেলের নোংরা জল জমা হবে। ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশোধনের পর সেই জল দ্বারকায় ফেলা হবে।
এই প্রকল্পেই শ্মশান এলাকায় চৌবাচ্চা তৈরির জন্য গর্ত খোঁড়া হচ্ছিল। বিজেপির অভিযোগ, যেখানে গর্ত করা হচ্ছে, সেটি বৈষ্ণবদের সমাধিস্থল। দলের জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, একটি মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের রিট পিটিশনে বলা হয়েছে, এখানে শ্মশান-বহির্ভূত কাজ করা যাবে না। সেই নির্দেশ অবমাননা করে এখানে নির্মাণ হচ্ছে। বৈষ্ণবদের সমাধি উচ্ছেদ করা হচ্ছে। কাজ বন্ধ না হলে আমরা হাইকোর্টে যাব। এদিন আন্দোলনকারীরা মাটি ফেলে অনেকটা গর্ত বুজিয়ে দেন।
পিএইচই’র জেলা এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দেশবন্ধু হাজরা বলেন, পরিবেশ আদালতের নির্দেশেই দ্বারকা নদের দূষণ রোধে সিউয়েজ ট্রিটমেন্ট প্লান্ট গড়ে তোলা হয়েছে। সেজন্য তারাপীঠজুড়ে বেশকিছু  চৌবাচ্চার মতো করা হয়েছে। তারই একটি শ্মশানের একপাশে করা হচ্ছে। কোনও সমাধি নষ্ট করা হচ্ছে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ