Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ খাইয়ে মারার অভিযোগ মালিকের, রাজহাঁসের ময়নাতদন্ত হল গঙ্গারামপুরে

বিষ খাইয়ে মারার অভিযোগ মালিকের, রাজহাঁসের ময়নাতদন্ত হল গঙ্গারামপুরে
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: রতনমালা এলাকায় রাজহাঁসের মৃত্যুর তদন্তে নামল গঙ্গারামপুর থানা! হাঁস পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিস সূত্রে খবর, হাঁসের মালিকের নাম রশিদা বিবি। বুধবার সকালে চারটি রাজহাঁস ছেড়ে দেওয়ার প্রায় ঘণ্টাতিনেক পর তিনি দেখেন বাড়ির কাছে ডোবার পাশে একটি মরে পড়ে রয়েছে। তাঁর অভিযোগ, বাড়ির পাশে জমির মালিক বিষ দেওয়ায় মৃত্যু হয়েছে রাজহাঁসের। রশিদা অভিযুক্ত জমির মালিকের কাছে ক্ষতিপূরণ চাইলে তিনি পাত্তা দেননি। কিন্তু রশিদা দমেননি। অভিযোগ জানাতে হাজির হন গঙ্গারামপুর থানায়। রতনমালা এলাকার জমির মালিকের নামে থানায় অভিযোগ জানান। রশিদার কথায়, আমার সন্দেহ ধানচাষের পর ডোবা জমিতে হাঁস যায়। সেজন্য জমির মালিক ইচ্ছে করে বিষ প্রয়োগ করেছেন। ক্ষতিপূরণ না দেওয়ায় থানায় অভিযোগ করি।
Advertisement
হাঁসের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে আসরে নামে গঙ্গারামপুর থানার পুলিস। মালিককে সঙ্গে নিয়েই অভিযুক্তের জমিতে নেমে ফরেন্সিক পরীক্ষার জন্য মাটি সংগ্রহ করেন তদন্তকারী। 
এরপর হাঁসটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় গঙ্গারামপুর ব্লক প্রাণী সম্পদ দপ্তরে। হাঁসের ময়নাতদন্ত করতে হবে শুনে হাসপাতালের চিকিৎসক থেকে ব্লক প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিকরা প্রথমে হাঁ হয়ে যান। কিন্তু অভিযোগ যখন থানা পর্যন্ত গড়িয়েছে, বিষয়টিকে লঘু করে দেখেননি আধিকারিকরা। দপ্তরের চিকিৎসক হাঁসের লিভার ও পাকস্থলী সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট প্রাণী সম্পদ দপ্তরে পাঠিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ব্লক  প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিক শর্মিলা রায় বলেন, আমার চাকরি জীবনে এমন ঘটনা প্রথম। চিকিৎসক বলে সব বিষয়ের জন্য প্রস্তুত থাকতে হয়। গঙ্গারামপুরে ময়নাতদন্তের সুবিধা না থাকায় হাঁসের লিভার ও পাকস্থলীর নমুনা সংগ্রহ করে বালুরঘাটে পাঠিয়েছি।  গঙ্গারামপুর থানার আধিকারিক জানান, গঙ্গারামপুর থানায় এমন অভিযোগ প্রথম। হাঁসের বিষয়টি নিয়ে অভিযোগ আসতেই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত জমির মালিকের দাবি, জমির ধান নষ্ট করছিল রাজহাঁস। হাঁসের মালিককে নালিশ করা হয়েছিল। সেজন্য তিনি হয়তো সন্দেহ করছেন জমিতে বিষ দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ