সংবাদদাতা, রাজগঞ্জ: গৃহবধূকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজগঞ্জের আকারিগছ গ্রামে। শ্বশুরবাড়ির বিরুদ্ধে রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। এক বছর আগে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আকারিগছ গ্রামের সাহেনা বেগমের সঙ্গে সন্ন্যাসীকাটা গ্রামপঞ্চায়েতের পশ্চিম বালাবাড়ি গ্রামের মহম্মদ ইমরানের বিয়ে হয়। তাদের চার মাসের এক পুত্রসন্তান রয়েছে।
Advertisement
অভিযোগ,বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোক পণের দাবিতে সাহেনাকে মানসিক ও শারীরিক নির্যাতন করত। অশান্তি চরমে ওঠে গত নভেম্বর মাসের ১৩ তারিখ। সাহেনাকে বিষ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ মৃতার পরিবারের। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক লক্ষ টাকায় চিকিৎসা করিয়েও অবস্থার উন্নতি না হওয়ায় দু’দিন আগে বাপের বাড়িতে ফিরিয়ে আনা হয়। রবিবার সকালে ওই বধূ মারা যায়। ঘটনার পরই অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে পলাতক মৃতার শ্বশুরবাড়ির লোকজন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



