Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ আলু কাণ্ডে তদন্তে বিশেষ দল

বিষ আলু কাণ্ডে তদন্তে বিশেষ দল
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: বিষ ‘আলু’ খাওয়ার তত্ত্বতল্লাসে নগর শোভাগঞ্জে এলেন তদন্তকারীরা। রবিবার এই আলু খেয়ে এক বৃদ্ধার মৃত্যু হয় বলে দাবি। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন গ্রামেরই ১২ জন। সেই রহস্য সমাধানে সোমবার স্বাস্থ্যদপ্তর ও পুলিসের কর্তারা শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি পঞ্চায়েতের নগর শোভাগঞ্জে আসেন। দুটি বাড়ি থেকে আলুর নমূনা সংগ্রহ করেছেন তাঁরা। 
Advertisement
দুই পরিবারের দাবি, স্থানীয় আক্রারহাট বাজার থেকে তারা এক ধরনের আলু কিনে আনেন। রবিবার দুপুরে সেই আলু দিয়েই তরকারি রান্না হয়। খাবার খাওয়ার পর থেকেই দুই পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। তবে দুই পরিবারের তরফে দাবি করা ওই আলুর তরকারি না কি অন্য কিছু বিষক্রিয়ার জেরে এতজন অসুস্থ হয়ে পড়লেন, সেবিষয়ে তদন্তে নেমেছে জেলা স্বাস্থ্য দপ্তর ও পুলিস। এদিন নগর শোভাগঞ্জ গ্রামের দু›টি বাড়িতে যান ডিস্ট্রিক্ট ফুড র‍্যাপিড রেসপন্স টিমের সদস্যরা। সঙ্গে ছিলেন মাথাভাঙা সার্কেল ইনসপেক্টর অজয়কুমার মণ্ডল , শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো ও শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা। দুটি বাড়ি থেকে আলুর নমুনা সংগ্রহ করেন তারা। পাশাপশি অবশিষ্ট আলু পুলিস বাজেয়াপ্ত করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, আক্রারহাট বাজার এলাকার এক গৃহবধূ তার বাগান থেকে এক ধরনের আলু বাজারের এক দোকানদারকে বিক্রি করেন। সেই দোকান থেকে ওই দুই পরিবার আলু কিনে নিয়ে যায়। যদিও ঘটনার পর পুলিস ওই বধূ ও দোকানদার দু›জনকেই থানায় নিয়ে আসে।
এদিকে খবর ছড়িয়ে পড়তেই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। বিকেলে ছোট শালবাড়ি পঞ্চায়েতের তরফে বাসিন্দাদের সচেতন করতে জঙ্গলে জন্মানো অজানা আলু খাওয়া নিয়ে মাইকিং করে প্রচার চালানো হয়। এবিষয়ে কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকান্ত বিশ্বাস জানান, খাদ্য দপ্তরে ওই আলুর নমুনা পাঠানো হবে। অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে। ঠিক কি কারণে তাঁরা অসুস্থ হয়েছেন, সেবিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, ঘটনাস্থলে যাওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ