Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেসরকারিকরণে আরও একধাপ এগল দুব্বেশ্বরী কোলিয়ারি, ৪৩০ জনকে বদলি

বেসরকারিকরণে আরও একধাপ এগল দুব্বেশ্বরী কোলিয়ারি, ৪৩০ জনকে বদলি
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: আসানসোলের সোদপুর এরিয়ার দুব্বেশ্বরী কোলিয়ারির ৪৩০জন কর্মীকে বদলির নির্দেশিকা জারি হয়েছে। ইসিএলের তরফে তাঁদের সোদপুর এরিয়ারই বিভিন্ন কোলিয়ারিতে বদলি করা হয়েছে। কোনও কারণ ছাড়াই আধিকারিক বাদে প্রায় সবাইকে বদলিতে নিতুড়িয়া ব্লকের ওই কোলিয়ারির কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা মনে করছেন, কর্তৃপক্ষ এই কোলিয়ারি বেসরকারি হাতে তুলে দিতে চাইছে। কর্মীদের বদলির মাধ্যমে সেই কাজ আরও একধাপ এগিয়েছে। কিন্তু কোলিয়ারির বেসরকারিকরণ করতে দেওয়া হবে না বলে শ্রমিক নেতৃত্ব জানান। কোলিয়ারির ম্যানেজার ইউ কে সিংহ এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। ওই কোলিয়ারির কর্মীরা জানান, ৪৩০জনের মধ্যে মহিলা, নিরাপত্তারক্ষী ও পাঁচজন ক্লার্ককে একই ব্লকের পারবেলিয়া কোলিয়ারিতে বদলি করা হয়েছে। বাকিদের বেজডি, মেনধূমা, পাটমোহনা সহ অন্য কোলিয়ারিতে বদলি করা হয়েছে। ১ অক্টোবর দুব্বেশ্বরী কোলিয়ারিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেসময় কোলিয়ারি কর্তৃপক্ষ জানিয়েছিল, এখানে এমডিও(মাইন ডেভেলপার অ্যান্ড অপারেটর) পদ্ধতিতে খনন চালানো হবে। তাই ইচ্ছুক শ্রমিকেরা চাইলে অন্যত্র বদলির জন্য আবেদন করতে পারেন। বিজ্ঞপ্তি প্রকাশের পরেই বিভিন্ন শ্রমিক সংগঠন ক্ষোভে ফেটে পড়ে। বেসরকারিকরণ রুখতে সিটু, আইএনটিইউসি, ইউটিইউসি, টিইউসিসি, এআইইউটিইউসি, আইএনটিটিইউসি, হিন্দ মজদুর সভা সহ সমস্ত ট্রেড ইউনিয়ন আন্দোলনে নামে। সমস্ত ইউনিয়ন মিলে কোলিয়ারি বাঁচাও কমিটি গঠন করে।
Advertisement
শ্রমিক নেতৃত্বের অভিযোগ, সাধারণত যে সব কোলিয়ারি বন্ধ হয়েছে বা লাভজনক নয়-সেগুলি বেসরকারিকরণ করে এমডিও পদ্ধতিতে খননকার্য চালানো হয়। কিন্তু দুব্বেশ্বরী সচল ও লাভজনক কোলিয়ারি। কোলিয়ারি বাঁচাও কমিটির তরফে নবনী চক্রবর্তী বলেন, কর্তৃপক্ষ বুঝেছে এই মুহূর্তে সরাসরি কোলিয়ারি বেসরকারিকরণ করতে গেলে সমস্যায় পড়তে হবে। তাই কর্মীদের বদলি করে কোলিয়ারি বন্ধ করতে চাইছে। কিছুদিন পর তারা দেখাবে, কোলিয়ারি বন্ধ হয়ে গিয়েছে। ফলে সেটি বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে অসুবিধা হবে না। কেন এতজন কর্মীকে হঠাৎ বদলি করা হল-সেটা আমরা চিঠি দিয়ে জানতে চেয়েছি। কিন্তু কর্তৃপক্ষ নিশ্চুপ। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, ইসিএল চিঠি দিয়ে জানিয়েছিল, দুব্বেশ্বরী কোলিয়ারির সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনায় বসবে। কিন্তু এখন আমাকে কিছু না জানিয়ে বেসরকারিকরণের চেষ্টা করছে। শুনেছি কোনও কারণ ছাড়াই ৪৩০জন কর্মীকে বদলি করা হয়েছে। বেসরকারিকরণ মানা হবে না। প্রয়োজনে বড় আন্দোলন হবে।
সম্পর্কিত সংবাদ