Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেসরকারি সংস্থাগুলির সঙ্গে বেকারদের সেতুবন্ধন রাজ্যের

বেসরকারি সংস্থাগুলির সঙ্গে বেকারদের সেতুবন্ধন রাজ্যের
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বেসরকারি সংস্থার সঙ্গে বেকারদের সেতুবন্ধন করছে রাজ্য সরকার। যে উদ্যোগের পোশাকি নাম ‘জব ড্রাইভ’। তাতে ভালোই সাড়া মিলছে। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ে ডাক পাচ্ছেন কর্মপ্রার্থীরা। ইতিমধ্যেই নদীয়া জেলায় বেশ কয়েক দফায় কর্মী নিয়োগ‌ হয়েছে।‌ গড়ে মাসিক ১২ থেকে ১৩ হাজার টাকা মাইনের কাজ পাচ্ছেন অনেক যুবক যুবতী। এমনকী, মাসিক ২৫ হাজার টাকা মাইনের চাকরিও পেয়েছেন অনেকে। জেলার বাইরে নয়, সিংহভাগ চাকরিপ্রার্থীই বাড়ি থেকে কাজ করার সুযোগ পাচ্ছেন।‌ যদিও কলকাতায়ও পোস্টিং পাচ্ছেন অনেক। আগামী দিনে আরও নতুন নতুন কোম্পানির সঙ্গে গাঁটছড়া বাঁধাবে জেলা প্রশাসন। যাতে আরও বেকারদের জন্য কাজের ব্যবস্থা করা যায়। 
Advertisement
নদীয়া জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের জয়েন্ট ডিরেক্টর অপূর্ব বিশ্বাস বলেন, ‘বিভিন্ন সংস্থার সঙ্গে আমরা যোগাযোগ করছি। সেই সমস্ত সংস্থার সঙ্গে চাকরিপ্রার্থীদের সেতুবন্ধনের চেষ্টা হচ্ছে। এর ফলে অনেক বেকার চাকরি পাচ্ছেন। ইতিমধ্যেই আমাদের কৃষ্ণনগর সদর অফিসে একাধিক কোম্পানি এসেছিল। আগামীদিনে যাতে আরও বেশি সংখ্যক কোম্পানিকে আনা যায় তার চেষ্টা করছি।’
গত সোমবার কৃষ্ণনগরে পুরোনো জেলাশাসক বিল্ডিংয়ের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জব ড্রাইভ আয়োজন করা হয়। যেখানে ইন্টারভিউ নিতে আসে একটি বেসরকারি সংস্থা। ইন্টারভিউ দিতে লম্বা লাইন পড়েছিল। কৃষ্ণনগর ও তেহট্ট মহকুমার শতাধিক বেকার যুবক যুবতী এই জব ড্রাইভে অংশ নেন। ঘূর্ণির যুবক সুজয় দাস ইন্টারভিউ থেকে বেরিয়ে বলেন, ‘আমি পলিটিক্যাল সায়েন্সে এমএ করেছি। ভাবিনি যে এরকমভাবে একটা সুযোগ পাওয়া যাবে। চাকরির বাজার এখন সেরকম ভালো না। তবে এখানে এসে ভালো লাগছে। যদি কাজটা পাই খুব ভালো হবে।‌ বাড়ির অবস্থা ভালো নয়। লোকালে কাজ পেলে খুব উপকার হয়। যাঁরা ইন্টারভিউ নিতে এসেছিলেন, তাঁদের এই বিষয়টি আমি জানিয়েছি।’ দিনের শেষে সংশ্লিষ্ট সংস্থা ৬০ জনকে নির্বাচন করেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তাঁদের থেকেই যোগ্যদের বেছে নেওয়া হবে। জানা গিয়েছে, এর আগে পর্যন্ত ৩১২ জন এই জব ড্রাইভে অংশ নিয়েছিলেন। সেখানে থেকে ৮০ জনকে শর্ট লিস্ট করা হয়।‌‌ যার মধ্যে এখনও পর্যন্ত ২৪ জন বিভিন্ন কোম্পানিতে চাকরি পেয়েছেন। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গতবছর রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। যদিও তা প্রথমবছর সেভাবে সাড়া ফেলেনি। তবে এই অর্থ বছরের শুরু থেকেই বেসরকারি সংস্থায় বেকার যুবক যুবতীদের কাজ পাইয়ে দিতে তৎপর হয় জেলা প্রশাসন। চলতি অর্থবছরের আগস্ট মাস থেকে এখনও পর্যন্ত শুধু কৃষ্ণনগরের জেলাশাসক অফিসে সদর এবং তেহট্ট মহকুমার কর্মহীনদের জন্য মোট আটবার প্লেসমেন্ট সেলের আয়োজন করা হয়েছিল। উৎসবের মরশুমের অক্টোবর মাসকে বাদ দিলে চার মাসে মোট আটটি কোম্পানি কর্মসংস্থানের জন্য আসে। যার মধ্যে আছে হেলথ ইন্সুরেন্স কোম্পানি থেকে শুরু করে পোস্টাল ডিপার্টমেন্ট, এলআইসি, মাইক্লোফাইন্যান্স, সাইবার এবং ফুড ডেলিভারির মতো সংস্থা।
সম্পর্কিত সংবাদ