Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেসরকারি বাসে ফ্রি যাতায়াত পরীক্ষার্থীদের 

বেসরকারি বাসে ফ্রি যাতায়াত পরীক্ষার্থীদের 
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পরীক্ষা দিতে যাওয়া ও আসার সময় আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাসে কোনও ভাড়া লাগবে না। এমনটাই জানিয়েছে আরামবাগের বেসরকারি বাস মালিক সংগঠন। রবিবার আরামবাগ বাস মিনিবাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মধুমিতা ভট্টাচার্য ও মহকুমা মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক দুলাল মণ্ডল আরামবাগ বাসস্ট্যান্ডে একটি সাংবাদিক সম্মেলন করেন। তাঁরা বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সাতটি সংগঠনের আওতায় থাকা বাসে তাদের ভাড়া দিতে হবে না। সংশ্লিষ্ট বাসগুলি আরামবাগ মহকুমার বিভিন্ন রুটে চলাচল করে। পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীরা এই সুযোগ পাবে। এমনকী ওই দিনগুলিতে নির্দিষ্ট স্টপেজের ব্যাপারও থাকবে না। স্কুল ইউনিফর্ম পরে পড়ুয়ারা রাস্তার ধারে দাঁড়িয়ে হাত দেখালেই বাস থামবে। তবে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখাতে হবে। পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই কথা ভেবে পর্যাপ্ত বাসও রাস্তায় থাকবে। তবে বাসগুলির স্বাভাবিক চলাচলে পুলিস, প্রশাসনের সাহায্যও প্রয়োজন। মধুমিতাদেবী বলেন, গোঘাটের কামারপুকুর ও আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে জয়রামপুর পর্যন্ত রাস্তায় নো এন্ট্রি জোনে লরি দাঁড় করিয়ে রাখার নির্দেশ শিথিল করলে ভালো হয়। কারণ নো এন্ট্রি শেষে লরিগুলিকে ছাড়ার পর রাস্তায় যানজট বেশি হচ্ছে। পরীক্ষার দিনগুলিতে এই ধরনের সমস্যা যাতে তৈরি না হয় তার অনুরোধ করা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যানজটের ফলে বাস সময়ের অভাবে আরামবাগ বাসস্ট্যান্ডে ঢুকতে পারছে না। বাইরের দিক থেকেই গন্তব্যে চলে যাচ্ছে।
Advertisement
আগামি ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত হবে। আরামবাগ মহকুমার প্রত্যেকটি থানা এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র রয়েছে। 
খানাকুলের রামনগর হাইস্কুলের প্রধান শিক্ষক অমিত আঢ্য বলেন, আমাদের স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা এখান থেকে প্রায় আট কিলোমিটার দূরের স্কুলে পরীক্ষা দিতে যায়। আমাদের স্কুলেও অন্য এলাকা থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আসে। তাদের অনেকেই বাসে চেপেই পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করে। পরীক্ষার দিনগুলিতে বাসে ভাড়া না লাগলে পরীক্ষার্থীদের সুবিধাই হবে। ফলে আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ