সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া থানার ভগবানপুর স্ট্যান্ডের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর রবিবার দপুরে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম শামিম আক্তার (২২)। বাড়ি রতুয়া থানার চাঁদমণি-২ গ্রাম পঞ্চায়েতের নতুন চাঁদপাড়া গ্রামে। শামিম ও তাঁর ভাই সাকিব আলি বাইকে চেপে সামসি যাচ্ছিলেন। তখনই পিছন থেকে একটি বেসরকারি বাস তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান শামিম। স্থানীয়রা জখম সাকিবকে সামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সামসি আউট পোস্টের এক পুলিস আধিকারিক বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বাইক ও বাসটিকে থানায় আনা হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



