সংবাদদাতা বোলপুর: বিশ্বভারতী আয়োজিত বসন্ত উৎসব নিয়ে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেনের আহ্বানে ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসার (ভারপ্রাপ্ত) অমিত হাজরা, শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার, শান্তিনিকেতন কর্মী মণ্ডলীর যুগ্ম সম্পাদক দেবাশিস রায়, সদস্য ভ্রমর ভাণ্ডারী সহ অন্যান্যরা। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুরের অ্যাডিশনাল এসপি রানা মুখোপাধ্যায় ও মহকুমা দমকল বিভাগের ওসি সৌরভ মণ্ডল। বসন্ত উৎসবে বহিরাগতদের প্রবেশ আটকাতে ও সুষ্ঠুভাবে আয়োজন করতে এদিনের বৈঠক আয়োজন করা হয়েছিল বলে বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে।
Advertisement
প্রসঙ্গত, গতবারেও দোল পূর্ণিমার পরিবর্তে অন্যদিন বসন্ত উৎসব আয়োজন করা হয়েছিল। সম্প্রতি বৈঠক করে সেই ধারা এবারেও অপরিবর্তিত রেখেছে বিশ্বভারতী। এবছর দোল পূর্ণিমা পড়েছে আগামী ১৪ মার্চ। কিন্তু ওই দিনের পরিবর্তে, তার তিনদিন আগে ১১ মার্চ পাঠভবনের গৌড় প্রাঙ্গণে অনুষ্ঠান আয়োজন করার কথা জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ। তবে, উৎসব যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য এদিন জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করল বিশ্বভারতী। বৈঠক শেষে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, এই অনুষ্ঠান সর্বসাধারণের জন্য নয়। কেবলমাত্র বিশ্বভারতীর ছাত্রছাত্রী, কর্মী, অধ্যাপক, আধিকারিক ও আশ্রমিকদের নিয়েই উদযাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের পোশাক বিধিও কার্যকর থাকবে। অনুষ্ঠান চলাকালীন বহিরাগতদের অবাঞ্চিত প্রবেশ আটকাতে ও ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছে।



