Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বসন্ত পঞ্চমীতে সূত্রধর সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজো পুরুলিয়ায়

বসন্ত পঞ্চমীতে সূত্রধর সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজো পুরুলিয়ায়
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরুলিয়া: সরস্বতীপুজোর দিনই বিশ্বকর্মাপুজোয় মেতে ওঠেন পুরুলিয়া শহরের নামোপাড়ার সূত্রধর সম্প্রদায়ের বাসিন্দারা। এবার তাঁদের পূজো ১৩২তম বর্ষে পড়ল। তবে শুধুমাত্র শহরের নামোপাড়া নয়, বাঘমুণ্ডির চড়িদা ও ঝালদা শহরেও এসময় বিশ্বকর্মা পুজোর রীতি রয়েছে।
Advertisement
পুরুলিয়া শহরে নামোপাড়া এলাকায় সূত্রধর সমিতি বিশ্বকর্মাপুজো আয়োজন করে। ওই কমিটির সদস্য গঙ্গাধর শীল বলেন, আগে বিশ্বকর্মাপুজোর সময় সূত্রধর সম্প্রদায়ের শিল্পীরা প্রায় সবাই বাড়ির বাইরে প্রতিমা তৈরি সহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন। তাই ওই সময় পুজো করতে পারতেন না। মাঘ মাসে তাঁরা বাড়ি ফিরে এসে বসন্ত পঞ্চমীর দিনে বিশ্বকর্মা পুজোয় মেতে উঠতেন। ১৩২ বছরের পুরনো এই পুজো। সূত্রধর সমিতির পুজো ঘিরে এলাকার মানুষের উন্মাদনা তুঙ্গে রয়েছে।
বাঘমুণ্ডির ‘মুখোশ গ্রাম’ নামে পরিচিত চড়িদা গ্রামেও সূত্রধর সম্প্রদায়ের বসবাস রয়েছে। সেখানেও বসন্ত পঞ্চমীর দিনই বিশ্বকর্মা পুজো করা হয়। যৌথভাবে পুজোর পাশাপাশি অনেকেই বাড়িতে বাড়িতে বিশ্বকর্মা পুজো করেন। পুজোর উদ্যোক্তারা জানান, সূত্রধর সম্প্রদায়ের মানুষ এসময় বিশ্বকর্মা পুজো করে আসছেন। এই রীতি বহুদিন ধরে চলে আসছে। পুজোর পুরোহিত উদয় পাণ্ডে বলেন, বসন্ত পঞ্চমীর দিনে চড়িদায় বিশ্বকর্মা পুজো হয়ে আসছে। ভাদ্র মাসের সংক্রান্তির পরিবর্তে বসন্তপঞ্চমীতে এই পুজো করা হয়। চড়িদা গ্রামের বাসিন্দা শচীন সূত্রধর বলেন, এখানেও সূত্রধর সমিতির তরফে একসঙ্গে একটি পুজো করা হয়। এছাড়া, আমাদের গ্রামে সূত্রধরদের প্রতিটি বাড়িতেই এদিন ছোট মূর্তিতে বিশ্বকর্মা পুজো হয়।
ঝালদা শহরের বাসিন্দারাও এদিন বিশ্বকর্মা পুজোয় মেতে ওঠেন। শহরের আনন্দবাজার সূত্রধর সমিতির বিশ্বকর্মা পূজা এবার ২৫বছরে পা দিল। উদ্যোক্তা গিরিধারী সূত্রধর, মথুর সূত্রধর, ধনঞ্জয় সূত্রধর জানান, এই মন্দিরে ২৫বছর পুজো হলেও ঝালদায় বসন্ত পঞ্চমীর দিনে বিশ্বকর্মা পুজোর রীতি আরও অনেক পুরনো। মন্দির তৈরির আগে মণ্ডপ গড়ে পুজো হতো।
Advertisement
সম্পর্কিত সংবাদ