Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েকে বাঁচাতে গিয়ে বাসে পিষ্ট বাবা

বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েকে বাঁচাতে গিয়ে বাসে পিষ্ট বাবা
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: বুধবার সকালে কাটোয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকা মেয়েকে বাঁচাতে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হল বাবার। মৃতের নাম জিলানি মণ্ডল (৮০)। তিনি পা হড়কে বাসের চাকার তলায় পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় সঙ্গে সঙ্গে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। পুলিস জানিয়েছে, মৃত জিলানি মণ্ডলের বাড়ি কাটোয়া থানার লোহাপোতা গ্রামে। এই ঘটনায় নাবালিকার সামান্য চোট লাগে। তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন জিলানি মণ্ডলের দু’টি বিয়ে। এদিন তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রীর মেয়েকে নিয়ে কাটোয়া আসছিলেন। মেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন। তার প্রতিবন্ধী কার্ড করার জন্যই কাটোয়ায় আসছিলেন। চাঁদপুর মোড়ে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। বাস আসতেই মেয়ে হঠাৎ করে রাস্তার উপর চলে যায়। জিলানি সাহেব মেয়েকে বাঁচাতে পা হড়কে পড়ে যান। তখনই ঘুমুরিয়া-বর্ধমান রুটের একটি বাস তাঁকে ধাক্কা মারে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। এদিন তাঁর বড় মেয়ে জাহেদা বিবি বলেন, বোন খুব ছটফটে। ওর প্রতিবন্ধী কার্ড করার জন্যই বাবা আসছিলেন। এভাবে বাবা মারা যাবে ভাবতেই পারছি না। 
সম্পর্কিত সংবাদ