Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁশলৈ ব্রিজ স্টেশনে ফুট ওভারব্রিজ তৈরির অনুমোদন, খুশি এলাকাবাসী

বাঁশলৈ ব্রিজ স্টেশনে ফুট ওভারব্রিজ তৈরির অনুমোদন, খুশি এলাকাবাসী
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: দীর্ঘদিনের দাবি মেনে বীরভূমের বাঁশলৈ ব্রিজ স্টেশনে ফুট ওভার ব্রিজ স্থাপনের অনুমোদন দিল রেল। শুধু তাই নয়, রাজগ্রাম স্টেশনেও গড়ে উঠবে নয়া ফুট ওভার ব্রিজ। রবিবার পূর্ব রেলের তরফে প্রেস রিলিজ দিয়ে এমনটাই জানানো হয়েছে। এই ব্রিজ দু’টি নির্মাণ করা হলে যাত্রীদের আর রেল লাইন দিয়ে পার হতে হবে না। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে।
Advertisement
ছোট স্টেশন বাঁশলৈ ব্রিজ। সেটি বাঁশলৈ নদীর তীরে অবস্থিত। যদিও এই স্টেশনের গুরুত্ব অনেকটা। ঝাড়খণ্ড ও বাংলার সংযোগস্থলে এই স্টেশন। কিন্তু প্রাচীন এই রেল স্টেশনে এতদিন ছিল না কোনও ফুট ওভার ব্রিজ। ফলে লাইন পেরিয়ে যাতায়াত করতে হয় যাত্রীদের। তেমনি ঘনঘন এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন ও মালগাড়ি যাতায়াতের জন্য অধিকাংশ সময় লেভেল ক্রসিং গেট বন্ধ থাকে। তখন ঝুঁকি নিয়ে রেলগেট পেরিয়ে যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়া থেকে ৫০টিরও বেশি গ্রামের বাসিন্দাদের। কারণ, রেলগেটের পূর্বপাড়ে বাঁশলৈ বাজার, স্কুল। পশ্চিমপাড়ে রতনপুর, সাবাইপুর, দীপচন্দ্রপুর হয়ে সোজা ঝাড়খণ্ডে যাওয়া যায়। এই রাস্তায় ভারী যানবাহনও চলাচল করে। প্রায়ই দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এই স্টেশনে ফুট ওভার  ব্রিজের দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষ। অবশেষে এই স্টেশনে ফুট ব্রিজ নির্মাণ কাজের অনুমোদন করল রেল। রেলের তরফে জানানো হয়েছে, এই ব্রিজ স্থাপন যাত্রীদের জন্য অসংখ্য সুবিধা বয়ে আনবে। প্রথমত, নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এই ফুট ওভার ব্রিজ নির্মাণের ফলে যাত্রীদের আর রেললাইন দিয়ে পারাপার করতে হবে না। যার ফলে দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে। রেলওয়ে প্ল্যাটফর্মগুলিতে নিরাপদ নিশ্চিত করে যাত্রীদের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। 
অন্যদিকে ঝাড়খণ্ড সীমানায় অবস্থিত সাহেবগঞ্জ লুপের প্রথম স্টেশন রাজগ্রাম। এই স্টেশনে বহু পুরনো ফুটব্রিজ রয়েছে। ব্রিজের উপর দিয়ে নিত্যযাত্রীরা নির্দিষ্ট প্ল্যাটফর্মে এসে ট্রেন ধরেন। এছাড়া প্রতিদিন এলাকার পূর্ব ও পশ্চিমপারের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরেই ব্রিজের বেহাল অবস্থা। কোথাও ভেঙেছে, কোথাও আবার জং ধরে খুলে খুলে পড়ছে সিঁড়ির অংশ। বলা চলে ঝাঁঝরা হয়ে গিয়েছে। তার উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার। মাঝমধ্যে ব্রিজের জায়গায় জায়গায় লোহার পাত বসিয়ে ঝাল দিয়ে সারাইয়ের কাজ করে রেল। কিন্তু আশঙ্কা, বারবার জোড়াতালি দিয়ে মেরামতের ফলে যেকোনও সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। এর জন্য বহু যাত্রী ঝুঁকি নিয়ে রেল লাইন পেরিয়ে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়া আসা করেন। অবশেষে এই স্টেশনেও নয়া ফুট ব্রিজ নির্মাণের অনুমোদন করেছে রেল। 
এলাকার বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে এই বিষয়ে আর্জি জানিয়ে আমরা রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে আসছি। অবশেষে রেল তা অনুমোদন করায় আমরা খুশি। তবে অনেক আগেই শুনেছিলাম এখানে ফুট ওভার ব্রিজ হবে। অবশেষে এতদিনে অফিসিয়ালি জানা গেল। নতুন ব্রিজ তৈরি হলে ঝুঁকি নিয়ে জরাজীর্ণ পুরনো ব্রিজ এবং রেল লাইন পারাপারও করতে হবে না।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ব্রিজ হলে নিরাপত্তা বাড়বে, সেখান থেকে সংযোগকারী প্ল্যাটফর্মগুলিতে সহজে যাওয়া যাবে ইত্যাদি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ